
Body of another woman recovered in Kalapara
পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় ফারজানা (১৯) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ মে) দুপুরে উপজেলার লালুয়া ইউনিয়নের চন্দুপাড়া আবাসন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ফারজানা টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামের নাজিম প্যাদার মেয়ে। তার স্বামী নাজমুল ফরাজী, পিতা মো. কামাল ফরাজী। দাম্পত্য জীবনে তাদের তিন বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোবাইল ফোনে অন্য এক যুবকের সঙ্গে কথা বলা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে কিছুদিন আগে ফারজানা বাবার বাড়িতে চলে যায়। পরে দুই পরিবারের উদ্যোগে বিষয়টি মীমাংসা করে তাকে আবার স্বামীর বাড়িতে ফিরিয়ে আনা হয়। ঘটনার দিন একই বিষয়কে কেন্দ্র করে পুন:রায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। বিষয়টি নাজমুল ফরাজী ফোনে তার শ্বশুর-শাশুড়িকে জানায়। এর কিছুক্ষণ পর ফারজানা নিজ কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এবং পরে ওই কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ । এর আগে পৌর শহরের বাদুরতলী এলাকা থেকে উর্মি নামে এক নারী কনস্টেবলের মরদেহ উদ্ধার করে পুলিশ।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া গ্রহন করা হচ্ছে। - গোফরান পলাশ