
40 koral fishes in a single trip of a fishing trawler in Kalapara.
পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক ট্রলারে ধরা পড়েছে ৪০ পিস সামুদ্রিক কোরাল মাছ। এতে জ্বালানি সংকটে দিশেহারা জেলেদের মাঝে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। শুক্রবার (৩ এপ্রিল) সকালে মাছগুলো মহিপুর মৎস্য বন্দরে নিয়ে আসেন ট্রলারটির মাঝি কাদের ও তার সঙ্গীরা। পরে নিলামের মাধ্যমে প্রতি মণ ৪৯ হাজার টাকা দরে সাড়ে তিন মণ মাছ মোট ১ লাখ ৭১ হাজার টাকায় বিক্রি হয়। প্রতি কেজি কোরাল মাছের দাম দাঁড়ায় প্রায় ১,২২৫ টাকা।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন পর একসাথে এত কোরাল মাছ ধরা পড়ায় সকাল থেকেই মৎস্য বন্দরে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা যায়। এ মার্কেটে একসঙ্গে এতো কোরাল মাছ খুবই কম আসে। অনেকেই কোরাল মাছের এ দৃশ্য দেখতে ভিড় করেন মার্কেটে।
ট্রলারের মাঝি কাদের বলেন, দীর্ঘদিন পরে এত কোরাল মাছ পেয়ে আমরা খুবই খুশি। প্রায় দুই মাস পর ভালো কিছু মাছ পেলাম। সাগরে মাছ মাছ পাই না অনেক দিন। তারমধ্যে এখন আবার তেলের সংকট তারমধ্যে এই মাছ কটা পেয়ে আমাদের কষ্ট কিছুটা হলেও কমবে।
এ বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, সাগরে বিভিন্ন সময়ে প্রাকৃতিক কারণে মাছের প্রাপ্যতা কমে যায়। তবে নিষেধাজ্ঞা সঠিকভাবে পালন করায় মাছের উৎপাদন ধীরে ধীরে বাড়ছে। জেলেদের ধৈর্য ধরে নিয়ম মেনে মাছ ধরতে হবে। তাহলে ভবিষ্যতে আরও ভালো ফল পাওয়া যাবে।
তিনি আরও বলেন, কোরাল মাছ একটি মূল্যবান প্রজাতির মাছ। এ ধরনের মাছ বেশি ধরা পড়া সামুদ্রিক জীব বৈচিত্র্যের জন্য ইতিবাচক ইঙ্গিত। - গোফরান পলাশ