
Children receiving measles treatment at Kalapara Hospital.
পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া ৫০ শয্যা হাসপাতাল ইনডোরে হাম আক্রান্ত শিশুরা ভর্তি হয়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরছে। চিকিৎসক, সেবিকা ও আক্রান্ত শিশুদের অভিভাবকদের নিরলস প্রচেষ্টায় হাম আক্রান্ত শিশুরা সুস্থ হয়ে ওঠায় স্বস্তির নি:শ্বাস ফেলছেন তাদের অভিভাবকরা। বর্তমানে হাম, ডেঙ্গু ও ডায়রিয়া আক্রান্ত রোগীদের প্রকোপ দেখা দিলেও হাসপাতাল কর্তৃপক্ষের চিকিৎসা ও পরিচর্যায় রোগীরা সুস্থ হয়ে বাড়ি ফেরায় উপজেলা স্বাস্থ্য প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তাদের স্বজনরা।
জানা যায়, গত জুলাই মাসে ১৩৩ জন আক্রান্ত রোগী চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে ১০ জন রোগী, তাদের সবাই প্রায় এখন সুস্থ। মঙ্গলবার থেকে গত নয় দিনে ভর্তি হয়েছে ২৯ জন। এ ভর্তির রোগীর ৯০ ভাগই এক বছর থেকে সাত আট বছরের শিশু। তবে আক্রান্ত রোগীদের অনেকেই চিকিৎসা নিতে আসছে পার্শ্ববর্তী উপজেলা তালতলী, আমতলী ও রাঙ্গাবালী থেকে।
কলাপাড়া হাসপাতালের শিশু চিকিৎসক ডা. বিকাশ রায় বলেন, আগের চেয়ে রোগীর চাপ কমেছে। এছাড়া হামে আক্রান্ত শিশুরা সঠিক পরিচর্যা ও চিকিৎসা পেলে দ্রুত সুস্থ হয়ে ওঠে। এনিয়ে দু:শ্চিন্তার কিছু নেই। - গোফরান পলাশ