
দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। বর্তমানে ওটিটি কিংবা বড় পর্দায় সব যায়গাতেই যেন তার জয়জয়কার। একদিকে তার অভিনীত সিনেমা ‘জেলার’ বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে। অন্যদিকে ‘আখরি সচ’ ওয়েব সিরিজে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়াচ্ছেন এই অভিনেত্রী। বলা চলে, স্বপ্ন পূরণ হলো তামান্নার।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের কাজের নানান বিষয় নিয়ে কথা বলেন তিনি। এ সময় তামান্না জানান, বাস্তবধর্মী চরিত্রে অভিনয় করতে তিনি বেশি স্বাচ্ছন্দ্য অনুভব করেন।
‘জেলার’ সিনেমায় রজনীকান্ত এবং ‘ভোলা শংকর’-এ চিরঞ্জীবীর সঙ্গে অভিনয় করেছেন তামান্না। এই ছবি দুটি পরপর মুক্তি পেয়েছে।
এই দুই দক্ষিণী তারকার সঙ্গে অভিনয়ের প্রসঙ্গে তামান্না বলেন, দুটি ছবিকে ঘিরে আমি অত্যন্ত উৎফুল্ল। মেগাস্টার চিরঞ্জীবী আর সুপারস্টার রজনীকান্ত তারা দুজনেই চলচ্চিত্র জগতের কিংবদন্তি। তাদের সঙ্গে কাজের সুযোগ পেয়ে আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে।
অভিনেত্রী বলেন, ইন্ডাস্ট্রির একটা বিষয় আমাকে ভীষণ অবাক করে— বলা হয়, যেসব অভিনেতা সুন্দর, তারা নাকি সিরিয়াস চরিত্রে অভিনয় করতে পারেন না! তারা শুধু গ্ল্যামারার্স চরিত্রেই মানানসই, বাস্তব চরিত্রে নয়। কিন্তু আমার কাছে বাস্তব ঘেঁষা চরিত্রে অভিনয় করা সহজ মনে হয়। কারণ, আমি বাস্তব দুনিয়ায় বসবাস করি।
তামান্না আরও বলেন, যখন আপনাকে ‘লার্জার দ্যান লাইফ’ চরিত্রে অভিনয় করতে বলা হয়, তখন এটা অনেক বেশি কঠিন। কারণ, এ ধরনের চরিত্র সম্পূর্ণভাবে আপনার কল্পনা থেকে জন্ম নেয়।
এ ধরনের চরিত্রে অভিনয় করতে তিনি মোটেও স্বাচ্ছন্দ্যবোধ করেন না জানিয়ে তিনি বলেন, নিজেকে খুব কাঁচা লাগে। অত্যন্ত আনন্দের সঙ্গে বলছি, আমি নিজেকে সব চরিত্রের জন্য খোলা রেখেছি, আর তাই ‘আখরি সচ’-এ পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করতে পেরেছি। তথ্য সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস/ আরটিভি নিউজ ।