News update
  • Bangladesh sees 31 risky heat days, 25 for CC, this summer     |     
  • ECNEC Approves Three Metro Rail Projects Worth Tk2.5tn     |     
  • Rising violence triggers UNSC emergency meeting on Yemen     |     
  • Gaza remains recovery points to possible war crimes: Volker Turk     |     

কিছু পরিবর্তন আমাদের জন্য সহজ নয়, কিন্তু গ্রহণ করতে হয় : সামিয়া আফরিন

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2026-09-16, 11:22am

807083503_1416410533929732_1687068963516560025_n_1-1-e72bcca169e1cf161d66672bac0460331789536136.jpg




ক্যানসারের সঙ্গে দীর্ঘ পাঁচ বছরেরও বেশি সময় ধরে এক সাহসী লড়াই চালিয়ে যাচ্ছেন জনপ্রিয় উপস্থাপিকা ও অভিনেত্রী সামিয়া আফরিন। কোলন ক্যানসার জয় করার পর সম্প্রতি আবার ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। চিকিৎসাধীন অবস্থায় কেমোথেরাপির মুখোমুখি হওয়া এই লড়াকু তারকা এবার নিজের ন্যাড়া মাথার ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করে এক অনুপ্রেরণাদায়ী বার্তা দিয়েছেন, যা নেটিজেনদের মাঝে ব্যাপক প্রশংসিত হচ্ছে।

গত পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে দৃঢ়তার সঙ্গে লড়াই করছেন সামিয়া আফরিন। এর আগে তিনি কোলন ক্যানসারের মতো মারাত্মক রোগ সফলভাবে জয় করেছিলেন। তবে লড়াইয়ের শেষ এখানেই হয়নি, সম্প্রতি চিকিৎসকেরা তাঁর জরায়ু ক্যানসার ধরা পড়ার কথা জানান। এরপর থেকেই তিনি নিয়মিত কেমোথেরাপি নিচ্ছেন এবং চিকিৎসার প্রতিটি ধাপের আপডেট ও নিজের শারীরিক অবস্থার কথা নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে আসছেন। এর আগে গত ২৩ আগস্ট রাতে এক পোস্টে তিনি ক্যানসারের সঙ্গে নতুন এই যুদ্ধের কথা জানান এবং কেমোথেরাপির প্রভাবে চুল পড়ে যাওয়ার আশঙ্কায় আগেই চুল ছোট করে ফেলেছিলেন। সেই কঠিন সময়েও তিনি সকলের কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছিলেন।

ফেসবুকে নিজের নতুন ও ন্যাড়া মাথার একটি ছবি প্রকাশ করে নিজের অনুভূতির কথা প্রকাশ করেছেন সামিয়া আফরিন। তিনি লেখেন, ‘কখনও ভাবিনি, জীবনে আবার এমন একটা সময় আসবে যখন আমার মাথাটা আবার পুরোপুরি বল্ড (টাক) হয়ে যাবে! ছোটবেলায় হয়তো এমন হয়েছিল, তখন সেটা নিয়ে ভাবারও বয়স ছিল না। কিন্তু বড় হয়ে, কোনো বিশেষ কারণ ছাড়া এমনভাবে চুল হারানোর অভিজ্ঞতা হয়তো খুব কম মানুষেরই আসে।’

চুল হারিয়েও মানসিক দিক থেকে ভেঙে পড়েননি এই জনপ্রিয় উপস্থাপিকা। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার মানসিকতা তুলে ধরে তিনি আরও লেখেন, ‘জীবনে কিছু কিছু বিষয় আমাদের পছন্দের নয়, কিন্তু মেনে নেওয়ার হয়। কিছু পরিবর্তন আমাদের জন্য সহজ নয়, কিন্তু গ্রহণ করতে হয়। আর আমি সেটাই করছি। নিজের এই পরিবর্তন ও নতুন রূপকে মেনে নিয়েছি।’

সৌন্দর্যের প্রকৃত অর্থ তুলে ধরে সামিয়া বলেন, ‘চুল থাকুক বা না থাকুক, সৌন্দর্য শুধু আয়নায় দেখা যায় না। আসল সৌন্দর্য হলো নিজেকে নিজের মতো করে গ্রহণ করতে পারা। এই লুকটাও তাই আমার জীবনের একটা গল্প। একটা কঠিন সময়ের গল্প, কিন্তু একই সঙ্গে সাহস, গ্রহণ আর নিজের প্রতি ভালোবাসারও গল্প।’

পোস্টের শেষে আত্মবিশ্বাসী সামিয়া লেখেন, ‘অতএব, হ্যাঁ... এটাই আমি ন্যাড়া মাথা, আর নিজের সত্তা নিয়ে কোনোরকম সংকোচ বা দ্বিধাহীন। নিজের প্রতিটি সংস্করণের জন্য আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ, এই সময়টাও কেটে যাবে।’ তাঁর এই অদম্য মানসিকতা ও সাহস বর্তমানে ভক্ত ও শুভানুধ্যায়ীদের মনে গভীর অনুপ্রেরণা জুগিয়েছে।