News update
  • India Distances Itself From Hasina's Press Conference     |     
  • Green transition: Pay the Least, Benefit the Most     |     
  • Road accidents claim 14 lives in Sylhet, Bogura     |     
  • 300 children killed in 300 days of Israeli-Hamas ‘ceasefire’     |     
  • Nearly 900 primary schools in Cumilla run without head teachers     |     

প্রথম পাতার খবর গায়েব, তারপর শুরু দুঃস্বপ্ন; আসছে ‘হেডলাইন’

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2026-06-18, 1:25am

rtreytryr-ca3c4aac900a7528e104395e98e8d4c31781724334.jpg




মুক্তি পেয়েছে হইচই অরিজিনাল সিরিজ ‘হেডলাইন’-এর ট্রেইলার। সালেহ সোবহান অনীম পরিচালিত এই সিরিজটি আগামী ২৫ জুন থেকে হইচইয়ে দেখা যাবে।

ট্রেইলারে উঠে এসেছে সাংবাদিকতার জগতের নেপথ্যের গল্প, সত্য অনুসন্ধানের লড়াই এবং সেই পথের নানা ঝুঁকি। একটি গোপন সত্য উদঘাটনের চেষ্টাকে ঘিরে তৈরি হয়েছে রহস্য, উত্তেজনা ও অনিশ্চয়তার আবহ। একই সঙ্গে গল্পে রয়েছে পারিবারিক সম্পর্ক, ব্যক্তিগত সংকট এবং মানবিক টানাপোড়েনের নানা দিক।

পোস্টার ও টিজার প্রকাশের পর থেকেই সিরিজটি নিয়ে দর্শকদের মধ্যে আলোচনা ছিল। ট্রেইলার প্রকাশের পর সেই আগ্রহ আরও বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আট পর্বের এই সিরিজে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, ইয়াশ রোহান, আফসান আরা বিন্দু, সারিকা সাবরিন, ফারহানা হামিদ, শ্যামল মাওলা, রাই রাজন্যা, অর্নিল বিরল, মনিরুল ইসলাম রুবেল, আমিনুর রহমান মুকুল, এ কে আজাদ সেতু, সাহানা রহমান সুমি এবং আরিফিন জিলানী জাহাঙ্গীর আলমসহ আরও অনেকে।

গল্পের কেন্দ্রীয় চরিত্র তরুণ সাংবাদিক সামিউল। একটি বড় মানি লন্ডারিং চক্রের তথ্য প্রকাশ করে ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছে যায় সে। কিন্তু যে প্রতিবেদনটি প্রথম পাতায় প্রকাশ হওয়ার কথা ছিল, তা রহস্যজনকভাবে রাতারাতি গায়েব হয়ে যায়। এরপরই বদলে যেতে থাকে তার জীবন।

অন্যদিকে সামিউলের অনুসন্ধানী সঙ্গী জহিরকে আত্মগোপনে যেতে হয়। তাদের পিছু নেয় দুর্নীতিগ্রস্ত কিছু ডিবি কর্মকর্তা। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায়, যেখানে বেঁচে থাকার লড়াইয়ের পাশাপাশি সত্য প্রকাশের যুদ্ধও চালিয়ে যেতে হয় তাদের। শুরু হয় ঝুঁকিপূর্ণ এক ইঁদুর-বিড়াল খেলা।

সিরিজে জহির চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব। চরিত্রটি নিয়ে তিনি বলেন, ‘জহিরের যাত্রাপথে অনেক পরিবর্তন রয়েছে। গল্পের বিভিন্ন পর্যায়ে তাকে ভিন্নভাবে দেখা যাবে। একজন অভিনেতা হিসেবে এই ধরনের চরিত্র আমাকে সবসময় আকৃষ্ট করে।’

তিনি আরও বলেন, ‘গল্পের গতি, রহস্য এবং সমসাময়িক প্রেক্ষাপট আমাকে কাজটি করতে আগ্রহী করেছে। দর্শকরা এমন একটি গল্প দেখতে পাবেন, যা শুধু বিনোদনই দেবে না, ভাবনারও খোরাক জোগাবে।’

দীর্ঘ বিরতির পর ওটিটিতে ফিরেছেন আফসান আরা বিন্দু। ‘হেডলাইন’-এর মাধ্যমে প্রথমবারের মতো কোনো ওয়েব সিরিজে দেখা যাবে তাকে। সিরিজে তার চরিত্রের নাম আইরিন।

সামিউল চরিত্রে অভিনয় করা ইয়াশ রোহান বলেন, ‘এই চরিত্রটির জন্য আমি অনেক দিন অপেক্ষা করেছি। অভিনয় করতে গিয়ে নিজেকে সামিউলের মধ্যেই খুঁজে পেয়েছি। চরিত্রটির প্রতি আমার সর্বোচ্চ আন্তরিকতা ছিল। আশা করি দর্শকরা তার অনুভূতির সঙ্গে সংযোগ খুঁজে পাবেন।’

দোলন চরিত্রে অভিনয় করা সারিকা সাবরিনের বিশ্বাস, ট্রেইলার দেখার পর দর্শকদের প্রত্যাশা আরও বেড়েছে। তবে মূল চমক অপেক্ষা করছে পুরো সিরিজজুড়ে।

আগামী ২৫ জুন থেকে বিশ্বব্যাপী হইচইয়ে স্ট্রিম হবে ‘হেডলাইন’।