News update
  • PM Tarique Rahman Pledges Inclusive Dev in Dialogue with Persons with Disabilities     |     
  • PM Inspects 13 Dhaka Sites, Sets Deadlines for Cleanliness     |     
  • Efforts to build a clean Bangladesh must start now, PM tells students     |     
  • Five killed as fire breaks out in Cox’s Bazar resort     |     
  • PM visits hospitals and edu institutions to assess dengue situation     |     

দুর্গাপূজায় দেশের সিনেমা হলে ৩ সিনেমা

গ্রীণওয়াচ ডেস্ক সিনেমা 2026-10-16, 7:05pm

chircukt-9471b22cf390bc3f13d5593b2067c3d51792155950.jpg




দুর্গাপূজা উপলক্ষে আজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন তিনটি বাংলাদেশি সিনেমা। মুক্তির তালিকায় রয়েছে ‘স্নেহের বন্ধন’, ‘চিরকুট’ ও ‘কাট-পিস’। পারিবারিক সম্পর্ক, নব্বইয়ের দশকের সত্য ঘটনা এবং পোশাকশিল্পের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমা তিনটি।

স্নেহের বন্ধন

পারিবারিক সম্পর্ক, অভিমান ও ভালোবাসার গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘স্নেহের বন্ধন’। কামরুজ্জামান পরিচালিত সিনেমাটির কাহিনি আবর্তিত হয়েছে একটি যৌথ পরিবারকে ঘিরে। সময়ের সঙ্গে ভাই-বোন ও মা-বাবার সম্পর্কে তৈরি হয় দূরত্ব, অহংকার ও ভুল-বোঝাবুঝি। তবে জীবনের কঠিন সময়ে সেই দূরত্ব পেরিয়ে পরিবারের সদস্যদের পরস্পরের প্রতি স্নেহই হয়ে ওঠে ভরসা।

সিনেমাটিতে অভিনয় করেছেন জয় চৌধুরী, মৌ খান, শিবা শানু, কাজী হায়াৎ, সাবেরী আলম, নাদের চৌধুরী ও রিনা খানসহ অনেকে। প্রযোজনা করেছেন মো. শাহ আলম।

চিরকুট

নব্বইয়ের দশকের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ‘চিরকুট’। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটে সাজানো সিনেমাটিতে উঠে এসেছে ক্যাম্পাসজীবন, তারুণ্যের উচ্ছ্বাস, বন্ধুত্ব, প্রেম ও নস্টালজিয়ার গল্প।

সিনেমাটি পরিচালনা করেছেন মুনতাসির আকিব। এটি তাঁর প্রথম সিনেমা। পরিচালনার পাশাপাশি গল্প ও চিত্রনাট্যও লিখেছেন তিনি। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা, আজিজুন মিম, কাজী নওশাবা আহমেদ, সুমন পাটোয়ারী, তেহজিব, আবদুল্লাহ আল সেন্টু, শাওন আশরাফ, সিয়াম নাসির, শিমুল, সাদি খান, শামীম আহসান, মাহিরা হাসান ও ইব্রাহিম সুজনসহ অনেকে।

কাট-পিস

পোশাকশিল্পের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘কাট-পিস’। এ ব্যবসাকে ঘিরে অর্থ ও ক্ষমতার লড়াই, আধিপত্য বিস্তার এবং সংঘাতের নানা দিক উঠে এসেছে সিনেমাটির গল্পে।

সিনেমাটির পরিচালনা ও প্রযোজনায় রয়েছেন ইফফাত জাহান মম। এতে অভিনয় করেছেন সিফাত আমিন শুভ, রাফাহ নানজীবা তোরসা, ইমরান আহমেদ সওদাগর, বাপ্পী আশরাফ, সাইফুল কবির ও এলিনা শাম্মীসহ অনেকে।

গত রোজার ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছিলেন নির্মাতা। তবে শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। অবশেষে আজ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘কাট-পিস’।