News update
  • Food grain stocks in country exceed 20.6 lakh tons     |     
  • Dhaka, Beijing Likely to Sign 15–17 Agreements     |     
  • Govt Aims for Efficient Spending, More Revenue     |     
  • PM Stresses Education, Health for Nation-Building     |     
  • Australia hold off Bangladesh fightback to seal T20I series     |     

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকাণ্ড: যেভাবে গ্রেফতার হন সন্দেহভাজন হিশাম

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2026-04-25, 12:22pm

78768e7b0fd83c71b9cabd83b52ccba3a9d55b0f6d62fbf5-21dbdf6325186b6f683bb0de1251bcde1777098128.jpg




যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে লিমনের রুমমেট হিশাম আবুঘরবেহকে (২৬) গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

স্থানীয় সময় শুক্রবার (২৪ এপ্রিল) সকালে হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড সেতু এলাকা থেকে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা-ইউএসএফের পিএইচডি শিক্ষার্থী জামিলের মরদেহ উদ্ধার করে পুলিশ।

হিলসবোরো কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, লিমনের হত্যার ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ তার নাম হিশাম আবুঘরবেহ বলে উল্লেখ করেছে। তার বিরুদ্ধে প্রমাণ নষ্ট করা এবং অনুমোদনহীনভাবে মরদেহ সরানো বা লুকানোর মতো অভিযোগ আনা হয়েছে।

হিলসবোরো কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, শুক্রবার সকালে একটি মরদেহের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে মরদেহটি নিখোঁজ জামিল আহমেদ লিমনের বলে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে কর্তৃপক্ষ।

লিমনের মরদেহ উদ্ধারের কয়েক ঘণ্টা পর ইউএসএফ ক্যাম্পাসের কাছে লেক ফরেস্ট এলাকায় একটি ‘ডোমেস্টিক ভায়োলেন্স’ বা পারিবারিক সহিংসতার কল পায় পুলিশ। কলটি ছিল লিমনের রুমমেট হিশাম আবুঘরবেহর বাড়ি থেকে। পুলিশ সেখানে পৌঁছালে হিশাম ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়ে আত্মসমর্পণে অস্বীকৃতি জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের বিশেষায়িত ইউনিট ‘সোয়াট’ টিম তলব করা হয়। পরে সোয়াট টিমের কাছে আত্মসমর্পণ করেন হিশাম।

হত্যাকাণ্ডে সন্দেহভাজন হিশামকে গ্রেফতারেরে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, হত্যাকাণ্ডে অভিযুক্ত ব্যক্তি একটি বাড়ির সামনে একটি তোয়ালে জড়িয়ে বের হয়ে আসছেন। বাড়ির নম্বর ১৪৬১৬ দেখা যাচ্ছে। তিনি হাত উঁচু করে আত্মসমর্পণ করার ভঙ্গি করছেন।

এ সময় পুলিশের বিশেষ দল সোয়াট এবং হিলসবোরো কাউন্টি শেরিফ অফিসের সদস্যরা সতর্কতার সাথে অবস্থান নিতে দেখা যায়। তাদের হাতে উন্নত মানের অস্ত্র এবং তারা সম্পূর্ণ যুদ্ধের পোশাকে সজ্জিত।

ভিডিওতে দেখা যায়, অভিযুক্ত ব্যক্তি হাত উপরে তুলে ধীরে ধীরে পুলিশের দিকে এগিয়ে আসেন। এরপর তাকে পুলিশের একটি বড় সাঁজোয়া যানের  সামনে নিয়ে যাওয়া হল বেশ কয়েকজন পুলিশ সদস্য তাকে ঘিরে ধরেন। এরপর তাকে হাতকড়া পরিয়ে হেফাজতে নেয়া হয়।

হিলসবরো কাউন্টি শেরিফের দফতর জানায়, লিমনের সঙ্গে নিখোঁজ হওয়া আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির হদিস মেলেনি। জামিল আহমেদ লিমন এবং নাহিদা সুলতানা বৃষ্টি দুজনই ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডির শিক্ষার্থী। গত ১৭ এপ্রিল তারা নিখোঁজ হন। নিখোঁজের একদিন আগে তাদের দুজনকে আলাদাভাবে শেষবার দেখা গিয়েছিল। বৃষ্টিকে তাকে খুঁজে বের করতে অভিযান চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।