News update
  • PM calls for broader tax net, people-friendly revenue system     |     
  • Women-only ‘Pink Bus’ service launched in Dhaka     |     
  • Bangladesh to Convey Position to Myanmar Over Rohingya Claims     |     
  • Qusra siege eases as UN reaches trapped W.B. families; crisis deepens in Gaza     |     
  • HC Disposes of 62,637 Old Cases in 12 Working Days     |     

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আজ, ক্যাপসুল পাবে যেসব শিশু

গ্রীণওয়াচ ডেস্ক রোগবালাই 2026-06-28, 8:22am

img_20260628_082056-56b6af9f20d7cc320c8f49b27c592c331782613367.jpg




দীর্ঘ প্রায় ১৪ মাস পর দেশব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হচ্ছে। অন্ধত্ব প্রতিরোধসহ শিশুদের পুষ্টিহীনতা দূরীকরণের লক্ষ্যে আয়োজিত এই বিশেষ ক্যাম্পেইন আজ রোববার (২৮ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে।

দেশজুড়ে এই ক্যাম্পেইন চলাকালে সাধারণত ৬ থেকে ৫৯ মাস বয়সি শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। তবে নির্দিষ্ট কিছু কারণে সব শিশু এই ক্যাপসুল খেতে পারবে না। কোন শিশুরা এই ক্যাপসুল পাবে আর কারা পাবে না, সে বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং জাতীয় কর্মসূচির কিছু স্পষ্ট নির্দেশনা রয়েছে।

কারা এই ক্যাপসুল পাবে না

৬ মাসের কম বয়সি শিশু: বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী, যেসব শিশুর বয়স এখনও ছয় মাস পূর্ণ হয়নি, তাদের এই ক্যাম্পেইনের ক্যাপসুল খাওয়ানো যাবে না।

সম্প্রতি উচ্চমাত্রার ক্যাপসুল খাওয়া শিশু: গত এক মাসের (২৮–৩০ দিন) মধ্যে যেসব শিশু অন্য কোনো কারণে উচ্চমাত্রার ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেয়েছে, তাদের এই ক্যাম্পেইনে পুনরায় ক্যাপসুল দেয়া হবে না।

গুরুতর অসুস্থ শিশু: কোনো শিশু যদি গুরুতর অসুস্থ থাকে বা হাসপাতালে ভর্তি হওয়ার মতো অবস্থায় থাকে, তবে তাকে তাৎক্ষণিকভাবে এই ক্যাপসুল দেয়া যাবে না। আগে তার চিকিৎসা নিশ্চিত করতে হবে এবং পরে স্বাস্থ্যকর্মীর পরামর্শ অনুযায়ী ক্যাপসুল খাওয়াতে হবে।

অসুস্থতা নিয়ে দ্বিধা: কারা খেতে পারবে

অনেক অভিভাবকের মধ্যে দ্বিধা থাকে যে শিশুর জ্বর, সর্দি-কাশি বা ডায়রিয়া থাকলে ক্যাপসুল খাওয়ানো যাবে কি না। এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, হালকা জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া বা অপুষ্টি থাকলেও সাধারণত ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো যায়। অর্থাৎ, এসব সাধারণ শারীরিক সমস্যা ক্যাপসুল দেয়ার ক্ষেত্রে কোনো বাধা নয়।

বয়সভেদে দুই রঙের ক্যাপসুল

ক্যাম্পেইনে শিশুদের বয়স অনুযায়ী দুই ধরনের ক্যাপসুল খাওয়ানো হবে–

৬ থেকে ১১ মাস বয়সি শিশুদের দেয়া হবে নীল রঙের ক্যাপসুল।

১২ থেকে ৫৯ মাস বয়সি শিশুদের দেয়া হবে লাল রঙের ক্যাপসুল।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ভিটামিন ‘এ’ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, দৃষ্টিশক্তি সুরক্ষায় এবং ভিটামিন ‘এ’-এর ঘাটতিজনিত জটিলতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই নির্ধারিত বয়সের প্রতিটি শিশুকে নিরাপদ উপায়ে এই ক্যাপসুল খাওয়াতে অভিভাবকদের কেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।