News update
  • Prioritise Multilateralism to Resolve Iran War Humanitarian Crisis     |     
  • From drought to deluge: ‘Super’ El Niño’s expanding reach     |     
  • Messi Bids Farewell to Argentina After 21-Year Career     |     
  • Toyota Tsusho briefs PM on plan to manufacture vehicles in Bangladesh     |     

শেষ ম্যাচেও মেসি পেলেন ‘লাল ও হলুদ কার্ড’

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2026-10-07, 1:47pm

messi-card-57b0c761cf620b733dc7c3b7f53d5ea51791359266.jpg




ফুটবল মাঠে রেফারির পকেট থেকে কার্ড বের হওয়া মানেই সাধারণত কোনো খেলোয়াড়ের জন্য শাস্তির বার্তা। কিন্তু লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচে সেই পরিচিত দৃশ্যটাই পেল ভিন্ন অর্থ।

বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ শেষ হওয়ার পর পুরো মাঠের আলো ছিল মেসিকে ঘিরে। শেষ বাঁশি বাজানোর পর আর্জেন্টাইন অধিনায়কের দিকে এগিয়ে যান ম্যাচের রেফারি ফার্নান্দো ভেখার। তবে এবার তার হাতে ছিল না কোনো শাস্তির বার্তা।

রেফারি ভেখার মেসির হাতে তুলে দেন লাল ও হলুদ দুটি কার্ড। ম্যাচে যে কার্ড দুটো খেলোয়াড়দের শাস্তি দেওয়ার জন্য ব্যবহার করা হয়, বিদায়ী রাতে সেগুলোই হয়ে উঠল স্মৃতির বিশেষ উপহার।

কার্ড দুটির মাধ্যমে মেসিকে সম্মান জানানো হয় তার দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ উপলক্ষে। বিশেষ এই স্মারক নিজের কাছেই রেখে দেন আর্জেন্টাইন তারকা।

বিদায়ী ম্যাচটিও মেসির জন্য ছিল দারুণ এক রাত। বেনিনকে ৩-০ গোলে হারানোর ম্যাচে আর্জেন্টিনার তিন গোলেই সরাসরি অবদান রাখেন তিনি। নিকোলাস ওতামেন্দি ও নিকো পাজের গোলের আগে সতীর্থদের দিয়ে দুটি গোল করানোর পর ৭১তম মিনিটে পেনাল্টি থেকে নিজেও জালের দেখা পান।

ফলে আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচে মেসির নামের পাশে যোগ হয় ১ গোল ও ২ অ্যাসিস্ট। আর্জেন্টিনার জার্সিতে ২০৮তম ম্যাচ খেলতে নেমে শেষবারের মতো গোলও করেন তিনি। আলবিসেলেস্তেদের হয়ে তার আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হলো ১২৬ গোল ও ৭০ অ্যাসিস্ট নিয়ে।

বিদায়ী রাতের স্মৃতি হিসেবে শুধু লাল ও হলুদ কার্ডই নয়, ম্যাচের বলটিও মেসির হাতে তুলে দেওয়া হয়। আর্জেন্টিনার হয়ে ২০৮তম এবং শেষ ম্যাচ শেষে রেফারির দেওয়া কার্ড ও ম্যাচ বল তাই মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায়ের দুটি বিশেষ স্মারক হয়ে থাকল। খেলোয়াড়রা বিদায় নেয়, কিন্তু কিংবদন্তিরা থেকে যায় ইতিহাসে।