News update
  • BSF men flee leaving behind 2 shotguns, walkie-talkie      |     
  • Bhutan King makes brief stopover in Dhaka, meets President     |     
  • Eid-e-Miladunnabi being observed today     |     
  • Dhaka ranks 48th in global air quality ranking     |     
  • Dhaka records moderate air quality Wednesday morning      |     

গ্রিসে সমুদ্র থেকে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসী উদ্ধার

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2026-08-26, 9:16am

3492635-514bea59b9538b597ebd356b3516588c1787714217.jpg




গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ক্রিটের কাছাকাছি সমুদ্র থেকে বাংলাদেশিসহ ৭৯ জন অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। মঙ্গলবার (২৫ আগস্ট) এ উদ্ধারের ঘটনা ঘটে।

গ্রিক কোস্টগার্ডের একজন জনসংযোগ কর্মকর্তা জানান, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি ড্রোন দক্ষিণাঞ্চলীয় ক্রিট দ্বীপের কালি লিমেনেস বন্দরের কাছে অভিবাসীবাহী দুটি নৌকা শনাক্ত করে। উদ্ধারকৃতদের মধ্যে অন্তত দুজন নারী ও দুজন শিশু রয়েছে। তাদের মধ্যে বাংলাদেশ এবং সংঘাতকবলিত সুদানের নাগরিকরা রয়েছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

গ্রিসের সরকারি বার্তা সংস্থা এএনএ জানিয়েছে, প্রাথমিক হিসাব অনুযায়ী অভিবাসীদের সংখ্যা ৮৫ বলা হলেও পরে কোস্টগার্ড চূড়ান্ত সংখ্যা ৭৯ হিসেবে নিশ্চিত করে। তবে সার্বিকভাবে সাম্প্রতিক মাসগুলোতে গ্রিসে মোট অভিবাসীদের পৌঁছানোর সংখ্যা কমেছে বলে ইমিগ্রেশন মন্ত্রণালয়ের তথ্যে উল্লেখ করা হয়েছে। 

মন্ত্রণালয়ের মতে, ২০২৫ সালের আগস্ট পর্যন্ত যেখানে ৬১ হাজার অভিবাসী এসেছিল, পরবর্তী ১২ মাসে তা প্রায় ৩১ শতাংশ কমে ৪২ হাজারে নেমে এসেছে।

লিবিয়া উপকূল থেকে প্রায় ৩২০ কিলোমিটার দূরে অবস্থিত ক্রিট এবং পাশের গাভদোস দ্বীপটি বর্তমানে গ্রিসে আশ্রয়প্রার্থীদের মূল প্রবেশপথে পরিণত হয়েছে। এদিকে ইউরোপের বেশ কিছু দেশ ও ইইউ তাদের অভিবাসন নীতি কঠোর করছে এবং ইউরোপীয় ইউনিয়নের বাইরে ‘রিটার্ন হাব’ তৈরির বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। সূত্র : এএফপি ও টাইমস অব মাল্টা