News update
  • Jatiya Party routed in its fortress, Rangpur     |     
  • Climate change cuts hilsa catch, raising long-term risks     |     
  • Jamaat Ameer calls meeting with Tarique 'an important moment     |     
  • BNP govt to take office with economy at a crossroads     |     

পাকিস্তানকে বড় ব্যবধানে হারাল ভারত

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2026-02-16, 7:37am

bhaart_jyy-3d935bbd62359562a2863a08e657fc9f1771205851.jpg




বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাল পাকিস্তান। কি পেস আর কি স্পিন– ভারতের কোনো বোলারদেরই মোকাবিলা করতে পারল না বাবর আজম-শাহিবজাদা ফারহানরা। একের পর এক উইকেট বিলিয়ে দেখল লজ্জার হার।

আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রান করে ভারত। জবাব দিতে নেমে ১৮ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ১১৪ রান তুলতে পেরেছে পাকিস্তান। হেরেছে ৬১ রানের বড় ব্যবধানে।

রান তাড়ায় নেমে যেন চোখে সরষে ফুল দেখল পাকিস্তানে ব্যাটাররা। সবাই মিলে লম্বা করেছেন যাওয়া-আসার মিছিল। পুরো ইনিংসে মাত্র চারজন ব্যাটার দুই অংকের ঘর ছুঁতে পেরেছে। সর্বোচ্চ ৪৪ রান করেছেন উসমান খান।

ইনিংসের প্রথম ওভারেই ধাক্কা খায় পাকিস্তান। কোনো রান না করে ফিরে যান ওপেনার শাহিবজাদা ফারহান। দ্বিতীয় ওভারে জোড়া আঘাত হানেন জাসপ্রিত বুমরাহ। ওভারের দ্বিতীয় বলে এলবিডব্লিউয়ের শিকার হন সাইম আইয়ুব (২ বলে ৬)। এরপর চতুর্থ বলে হার্দিক পান্ডিয়ার হাতে ক্যাচ দেন সালমান আলি আঘা (৪ বলে ৪)।

দেখেশুনে খেলার চেষ্টা করলেও উইকেটে বেশিক্ষণ টিকতে পারেননি বাবর আজম। ফিরেছেন ৭ বলে ৫ রান করেই। ৩৪ রানেই ৪ উইকেট হারায় পাকিস্তান।

এরপর ধ্বংস্তুপে দাঁড়িয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ছিলেন উসমান খান আর শাদাব খান। পঞ্চম উইকেটে ৩৫ বলে ৩৯ রানের জুটি গড়েন। ৩৪ বলে ৪৪ রান করা উসমানকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন অক্ষর প্যাটেল।

এর আর পাকিস্তানের কোনো ব্যাটার দাঁড়াতেই পারেননি। দ্রুতই ফিরে যান শাদাব (১৫ বলে ১৪), মোহাম্মদ নাওয়াজ (৫ বলে ৪), ফাহিম আশরাফ (১৪ বলে ১০), আবরার আহমেদরা (১ বলে ০)। শাহিন শাহ আফ্রিদির ১৯ বলে ২৩ রানের অপরাজিত ইনিংসে ১০০ ছাড়ায় পাকিস্তান। গুটিয়ে যায় ১৮ ওভারে।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই অভিষেক শর্মা শূন্য রানে ফিরে গেলেও ভালো শুরুই পেয়েছিল ভারত। দ্বিতীয় উইকেট জুটিতে পাকিস্তানি বোলারদের শাসন করেন ইশান কিষান আর তিলক ভার্মা। এই জুটিতে ৭৭ রান তুলে ফেলেন তারা। অষ্টম ওভার পর্যন্ত আর কোনো উইকেট পড়তে দেননি এই দুই ব্যাটার।

নবম ওভারে এসে পাকিস্তানকে উইকেট এনে দেন শাহিন শাহ আফ্রিদি। ঝড় তুলতে থাকা ইশান কিষাণকে ফেরান তিনি। ফেরার আগে হাফসেঞ্চুরি তুলে নিয়ে ৪০ বলে ৭৭ রান করেন তিনি।

তৃতীয় উইকেটে আবারও বড় জুটির দিকে ছুটছিল ভারত। তবে সেটি হতে দেননি সাইম আইয়ুব। ১৫তম ওভারে জোড়া আঘাত হানেন তিনি। ওভারের দ্বিতীয় বলে ফেরান তিলককে (২৪ বলে ২৫), আর তৃতীয় বলে হার্দিক পান্ডিয়াকে (১ বলে ০)।

এরপর রানের গতি কিছুটা কমে যায়। তবে ছয় নম্বরে ব্যাটিংয়ে ছোটখাটো ক্যামিও ইনিংস খেলেন শিভাম দুবে। ১৭ বলে ২৭ রান করেন তিনি। এতে ১৭০ ছাড়ানো পুঁজি পায় ভারত।

সংক্ষিপ্ত স্কোর

ভারত : ২০ ওভারে ১৭৫/৭ (অভিষেক ০, ইশান কিষাণ ৭৭, তিলক ২৫, হার্দিক ০, সূর্যকুমার ৩২, শিভাম ২৭, অক্ষর ০, রিংকু ১১* ; সালমান ২-০-১০-১, শাহিন ২-০-৩১-১, সাইম ৪-০-২৫-৩, আবরার ৩-০-৩৮-০, শাদাব ১-০-১৭-০, নাওয়াজ ৪-০-২৮-০, উসমান ৪-০-২৪-১)

পাকিস্তান : ১৮ ওভারে ১১৪/১০ (শাহিবজাদা ০, সাইম ৬, সালমান ৪, বাবর ৫, উসমান ৪৪, শাদাব ১৪, নাওয়াজ ৪, ফাহিম ১০, আবরার ০, তারিক ০, শাহিন ২৩*; হার্দিক ৩-১-১৬-২, বুমরাহ ২-০-১৭-২, অক্ষর ৪-০-২৯-২, বরুণ ৩-০-১৭-২, কুলদীপ ৩-০-১৪-১, তিলক ২-০-১১-১, রিংকু ১-০-৯-০)