News update
  • Key in your hands, use it wisely: Prof Yunus tells voters     |     
  • Yunus Urges Voters to Shape a ‘New Bangladesh’     |     
  • Bangladesh Polls: Campaign Ends as Voters Weigh Pledges     |     
  • Bangladesh Heads to First Gen Z-Driven Competitive Poll     |     
  • EC Lifts Mobile Phone Ban, Bars Photos Inside Booths     |     

ভুল স্বীকার করে আইসিসির ক্ষমা চাওয়া উচিত: হাফিজ

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2026-02-11, 10:10am

frewrwer-c2cf1e004601eb05140bdf0f3dc330db1770783003.jpg

পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ। ছবি: পিসিবি



বাংলাদেশের সঙ্গে যা হয়েছে তা আইসিসি'র প্রশাসনিক ব্যর্থতা। তার জন্য ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার উচিত ভুল স্বীকার করে ক্ষমা চাওয়া। না হলে, এমন কান্ড বারবার হতে থাকবে। এমনটা মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ। ভারত-পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পক্ষে হাফিজ। বাংলাদেশকে যে ক্ষতিপূরণ দেয়া হচ্ছে তা ন্যায্য বলেও মত তার।

অবশেষে অবসান হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুতে বিসিসিআই-পিসিবি-বিসিবি আর আইসিসির চতুর্থমুখী নাটকীয়তা। টাইগারদের বিশ্বকাপ খেলা না হলেও, আইসিসির কাছ থেকে পাচ্ছে ক্ষতিপূরণ। পাকিস্তানের অবস্থানের কারণে বাংলাদেশকে তাদের প্রাপ্য অর্থ দিতে বাধ্য হয়েছে আইসিসি।

ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ার পর, নিরাপত্তা শঙ্কায় বিশ্বকাপ খেলতে ভারতে দল পাঠাতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ম্যাচগুলো ভারতের বাইরে সরিয়ে নিতে অনুরোধ করা হয় আইসিসির কাছে। কিন্তু দুই পক্ষের অনেক আলোচনার পর, বাংলাদেশের দাবি প্রত্যাখ্যান করে আইসিসি এবং তাদের জায়গায় সুযোগ দেয়া হয় স্কটল্যান্ডকে। সঙ্কট সমাধানে লাহোরে গত রোববার পিসিবি প্রধান মহসিন নাকভি ও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে বৈঠকে বসে আইসিসি প্রতিনিধি দল। যেখানে আসে সব সমস্যার সমাধান।

এবার বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের ম্যাচ ঘিরে যে জটিল পরিস্থিতি তৈরি হয়েছিল, তার জন্য সরাসরি আইসিসিকে দায়ী করছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ। বাংলাদেশ পরিস্থিতি আইসিসি ঠিকমতো সামলাতে না পারার কারণেই এই অচলাবস্তা তৈরি হয়েছিল বলে মত তার।

পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলে পুরো পরিস্থিতির জন্য আইসিসির কড়া সমালোচনা করেন হাফিজ। বাংলাদেশ পরিস্থিতি সামলাতে আইসিসি পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে মনে করেন তিনি।

পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ বলেন, 'গত দুই-তিন সপ্তাহ ধরে খেলাধুলায় রাজনীতির যে খেলা হয়েছে, তার পরিণতি কী? প্রথমে, আমাদের সারা বিশ্বের ক্রিকেট ভক্তদের কষ্টের দিকে নজর দিতে হবে, তারা বাংলাদেশি ভক্ত, ইংল্যান্ড সমর্থক বা পাকিস্তানি ভক্ত যাই হোক না কেন। এই সিদ্ধান্তে সকলেই আহত হয়েছে। আমার একটাই প্রশ্ন, কার ভুল ছিল? কার ভুল, তা প্রকাশ করা হয়নি। ক্ষতিপূরণ দেয়া হচ্ছে, কিন্তু কীসের ভিত্তিতে? যদি ভুলের ওপর ভিত্তি করে হয়ে থাকে, তাহলে কেন তা স্বীকার করা হয়নি? এরপর, তারা বলে যে, তারা খেলার শুদ্ধতা ও চেতনা রক্ষা করার জন্য সিদ্ধান্ত নিচ্ছে। এই দাবিগুলো আগে কোথায় ছিল? কেন সবকিছু এই পর্যায়ে পৌঁছাল?'

পুরো বিষয়টি নিয়ে আইসিসির প্রশাসন ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন হাফিজ।

তিনি বলেন, 'এটি আইসিসি ও তাদের প্রশাসনের সম্পূর্ণ ব্যর্থতা এবং তা প্রথমে মেনে নেয়া উচিত। বাংলাদেশের ক্ষতিপূরণ পাওয়া, টুর্নামেন্ট পাওয়া অথবা নিষেধাজ্ঞা থেকে সুরক্ষা পাওয়া, যাই হোক না কেন, সেটা ঠিক আছে। কিন্তু যারা ভুল ভূমিকা পালন করেছে, তাদের প্রকাশ্যে বলতে হবে। যদি তারা লুকিয়ে থাকে, তাহলে এই পরিস্থিতি আবার ঘটবে।'

এমন ঘটনার পুনরাবৃত্তি না হওয়া উচিত বলেও মত এই সাবেক অধিনায়কের।