
টি টুয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে সাম্প্রতিক চ্যালেঞ্জগুলো মোকাবিলায় গঠনমূলক ভূমিকা রাখার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এছাড়া ক্রিকেটের বৃহত্তর স্বার্থে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে টি-টুয়েন্টি ম্যাচটি খেলার জন্যও পাকিস্তানকে অনুরোধ করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবির পক্ষ থেকে এ ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
বিসিবি সভাপতি মো. আমিনুল ইসলামকে উদ্ধৃত করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল পাকিস্তানে আমার সংক্ষিপ্ত সফর এবং আমাদের আলোচনার সম্ভাব্য ফলাফলের প্রেক্ষিতে, পুরো ক্রিকেট ইকোসিস্টেমের স্বার্থে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচটি খেলার জন্য আমি পাকিস্তানের প্রতি অনুরোধ জানাচ্ছি।
বিশ্বকাপ ইস্যুতে শুরু থেকেই বাংলাদেশের পাশে ছিল পাকিস্তান। এ জন্য তারা ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার মতো বড় সিদ্ধান্তও নিয়েছে। এ জন্য পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভী, তার বোর্ড ও পাকিস্তানের সমর্থকদেরও ধন্যবাদ জানিয়েছেন আমিনুল ইসলাম।
তিনি বলেন, এই সময়ে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তান যে আন্তরিকতা ও সহযোগিতার উদাহরণ রেখেছে, তাতে আমরা গভীরভাবে আপ্লুত। আমাদের ভ্রাতৃত্ব দীর্ঘদিন ধরে সমৃদ্ধ হোকএই কামনাই করি।