News update
  • Roundtable hopes 13th Parliament would emerge as a milestone      |     
  • ECNEC Approves Nine Projects Worth Tk 36,695 Crore     |     
  • Fitch Revises Bangladesh Outlook to Negative     |     
  • Rooppur NPP Unit-1 completes nuclear fuel loading     |     
  • Remittance surges 56.4% to $1.44 billion in 11 days of May     |     

পাকিস্তান বধের পুরস্কার, র‍্যাঙ্কিংয়ে এগোলেন শান্ত-নাহিদরা

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2026-05-13, 11:14pm

werwerewte-53d1d8dd2b65726ba88a28b310b1cf081778692478.jpg

ব্যক্তিগত পারফরম্যান্সে র‌্যাঙ্কিংয়ে দ্যুতি ছড়িয়েছেন শান্তরা। ছবি: বিসিবি



মিরপুর টেস্টে পাকিস্তানকে হারানোর সুফল মিলেছে আইসিসি র‍্যাঙ্কিংয়ে। চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে নিজেদের প্রথম জয় তুলে নেয়ার পর ব্যাটিং-বোলিং দুই বিভাগেই উল্লেখযোগ্য উন্নতি করেছেন বাংলাদেশের একাধিক ক্রিকেটার।

মঙ্গলবার (১২ মে) সিরিজের প্রথম টেস্টে ১০৪ রানের দাপুটে জয়ে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ম্যাচের প্রথম ইনিংসে নিজের নবম টেস্ট সেঞ্চুরি হাঁকানোর পর দ্বিতীয় ইনিংসে খেলেন গুরুত্বপূর্ণ ৮৭ রানের ইনিংস। ম্যাচসেরা এই পারফরম্যান্সের পুরস্কার হিসেবে আইসিসি টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ১৬ ধাপ এগিয়ে যৌথভাবে ২৩তম স্থানে উঠে এসেছেন শান্ত, যা তার ক্যারিয়ারের সেরা রেটিংও।

বাংলাদেশের আরও দুই অভিজ্ঞ ব্যাটারও উন্নতি করেছেন সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে। মুশফিকুর রহিম দুই ধাপ এগিয়ে ২৬তম স্থানে উঠেছেন। অন্যদিকে ১২ ধাপ এগিয়ে যৌথভাবে ৩৫তম অবস্থানে জায়গা করে নিয়েছেন মমিনুল হক। ৮৮০ রেটিং নিয়ে বর্তমানে টেস্টের এক নম্বর ব্যাটার ইংল্যান্ডের জো রুট। 

বোলিং র‍্যাঙ্কিংয়েও সুখবর পেয়েছে বাংলাদেশ। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম পাকিস্তানের দুই ইনিংসেই দুটি করে উইকেট নিয়ে তিন ধাপ এগিয়ে ১৩তম স্থানে উঠেছেন। দীর্ঘদিন পর টেস্টে ফেরা পেসার তাসকিন আহমেদ চার উইকেট শিকার করে আবারও র‍্যাঙ্কিংয়ে জায়গা করে নিয়েছেন; বর্তমানে তার অবস্থান ৪৮তম।

 সবচেয়ে বড় আলোচনায় ছিলেন তরুণ গতিতারকা নাহিদ রানা। দ্বিতীয় ইনিংসে তার বিধ্বংসী পাঁচ উইকেট বাংলাদেশের জয়ে বড় ভূমিকা রাখে। সেই পারফরম্যান্সে পাঁচ ধাপ এগিয়ে ৬৪তম স্থানে উঠেছেন এই ডানহাতি পেসার। প্রথম ইনিংসে ফাইফারসহ ম্যাচে ছয় উইকেট নিলেও অপরিবর্তিত রয়েছেন মেহেদী হাসান মিরাজ। তার অবস্থান ২৭তম। 

এদিকে বাংলাদেশের সাফল্যের মাঝেও কিছুটা স্বস্তি পেয়েছে পাকিস্তান। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেয়া অভিজ্ঞ পেসার মোহাম্মদ আব্বাস আবারও আইসিসি টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে ফিরেছেন। বর্তমানে তার অবস্থান ২৮তম। ৮৭৯ রেটিং নিয়ে বর্তমানে টেস্টের সেরা বোলার ভারতের জাসপ্রিত বুমরাহ।