News update
  • Tk 9.38 lakh crore budget with Tk 2.43 cr deficit placed     |     
  • Govt Rolls Out Three-Tier Plan for Economic Transformation      |     
  • Budget is built around ten strategic priorities     |     
  • Ad-din Hospital’s License Revoked Over Newborn Deaths     |     
  • Finance Minister Presents Tk 9.38 Lakh Crore Budget     |     

ঢাকা বিশ্ববিদ্যালয় খুলবে ২৮ ডিসেম্বর

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2025-12-03, 4:17pm

ddhaakaa_bishbbidyaalyy-f607b5c95ce61d620a35e89e970f711a1764757022.jpg




ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শীতকালীন ছুটি বহাল রেখে আগামী ২৮ ডিসেম্বর থেকে আবাসিক হল খুলবে ও সশরীরে নিয়মিত ক্লাস শুরু হবে। যদিও আগের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো ৬ ডিসেম্বর খোলার কথা ছিল।

 বুধবার (৩ ডিসেম্বর) ডিনস কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক রফিকুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির এক সভা আজ বুধবার উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সভাপতিত্ব করেন। সভায় ভূমিকম্প পরবর্তী বিভিন্ন আবাসিক হলের কারিগরি নিরীক্ষণ ও মূল্যায়নের সার্বিক অগ্রগতি এবং বুয়েটের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত সাব-কমিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের সুপারিশ পর্যালোচনা করা হয়।

বিশেষজ্ঞদের সুপারিশ ও সার্বিক বিষয় বিবেচনা করে সভায় পূর্বঘোষিত শীতকালীন ছুটি বহাল রেখে এর সঙ্গে আগামী ২৩ ও ২৪ ডিসেম্বর ছুটি হিসেবে সংযুক্ত করার সিদ্ধান্ত হয় এবং ২৮ ডিসেম্বর থেকে আবাসিক হল খোলা ও বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাস শুরুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ছুটিকালীন বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে না। তবে জরুরি অবস্থায় ছুটিজনিত শিক্ষণ ঘাটতি পুষিয়ে নেওয়ার জন্য চলমান অনলাইন ক্লাস ১৩ ডিসেম্বর পর্যন্ত চালু থাকবে।

এতে আরও বলা হয়, সভায় ২০২৬ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে পরীক্ষা পুনরায় শুরুর সিদ্ধান্ত গৃহীত হয়। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট অনুষদের ডিনের সঙ্গে আলোচনা ও পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন বিভাগ পরীক্ষার সময়সূচি পুনঃনির্ধারণ করবে।

আবাসিক হল খোলার পরও কিছু কিছু হলে সংস্কারের কাজ চলমান থাকতে পারে। সভায় এ ব্যাপারে শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়। গত ২৩ নভেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস–পরীক্ষা বন্ধ আছে। শিক্ষার্থীদের আবাসিক হলগুলোও খালি করা হয়েছে। সে সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছিল, ৬ ডিসেম্বর থেকে বিশ্ববিদ্যালয় খুলবে।