
উপাচার্যের রুটিন দায়িত্ব দেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) এক দিনের সর্বাত্মক একাডেমিক শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এর ফলে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে।
রোববার (১ নভেম্বর) রাতে দেওয়া এক জরুরি বিবৃতিতে শিক্ষার্থীরা বলেন, বর্তমান উপাচার্য অধ্যাপক ড. শেখ শরিফুল আলমকে তারা উপাচার্য হিসেবে মেনে নেননি। কিন্তু এর মধ্যেই তিনি ইউজিসির সভায় অংশ নিতে ঢাকায় যাওয়ায় তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেনকে রুটিন দায়িত্ব দেওয়ার প্রশাসনিক সিদ্ধান্ত নেন। ক্যাম্পাসে এই কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টার প্রতিবাদেই শিক্ষার্থীরা আজকের এই শাটডাউন ঘোষণা করেছেন।
শিক্ষার্থীদের মূল দাবি, চুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পুনরায় উপাচার্য পদে পুনর্বহাল করতে হবে। দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কিন্তু শান্তিপূর্ণ কর্মসূচি দেওয়া হবে বলেও তারা হুঁশিয়ারি দিয়েছেন।
এর আগে গত ২২ সেপ্টেম্বর উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলনের জেরে চুয়েটের একাডেমিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। দীর্ঘ ৪০ দিন বন্ধ থাকার পর গতকাল (১ নভেম্বর) থেকে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক হয়েছিল। চলমান অচলাবস্থা নিরসনে গত বুধবার ইউজিসির ৬ সদস্যের একটি পরামর্শক কমিটি শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করলেও সেই আলোচনায় শিক্ষার্থীরা সন্তুষ্ট হতে পারেননি। তবে একাডেমিক পরিবেশ রক্ষার্থে তখন তারা ক্লাসে ফিরেছিলেন।