News update
  • PM Tarique Rahman Pledges Inclusive Dev in Dialogue with Persons with Disabilities     |     
  • PM Inspects 13 Dhaka Sites, Sets Deadlines for Cleanliness     |     
  • Efforts to build a clean Bangladesh must start now, PM tells students     |     
  • Five killed as fire breaks out in Cox’s Bazar resort     |     
  • PM visits hospitals and edu institutions to assess dengue situation     |     

ভারতের প্রতিরক্ষামন্ত্রীকে কড়া জবাব দিলো পাকিস্তান

গ্রীণওয়াচ ডেস্ক কুটনীতি 2026-10-17, 4:35pm

img_20261017_163531-ea792151543439547c5589df48b742a11792233350.jpg




ভারত ও পাকিস্তানের বিরাজমান বৈরী সম্পর্কে আবারও উস্কে উঠেছে উত্তেজনা। এবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের এক মন্তব্যে চরম ক্ষোভ প্রকাশ করেছে পাকিস্তান; সঙ্গে দিয়েছে কড়া জবাবও।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট ভাষায় বলেছে, ভারত তার ‘আধিপত্যবাদী মানসিকতা’ বাদ না দিলে কঠোর জবাব দেবে পাকিস্তান। খবর দ্য ডনের

সম্প্রতি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক আলোচনা সভায় বলেছেন, ভবিষ্যতে পাকিস্তান থেকে কোনো সন্ত্রাসী হামলা হলে ভারত তার চেয়েও কঠোর জবাব দেবে।

ভারতীয় প্রতিরক্ষামন্ত্রীর এমন মন্তব্যকে আগ্রাসনমূলক হুমকি হিসেবে দেখছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার (১৬ অক্টোবর) সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র সাজ্জাদ হায়দার খান বলেন, ভারতের প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্যে পাকিস্তানের বিরুদ্ধে আগ্রাসনের হুমকি নিহিত রয়েছে।

নয়াদিল্লিকে উসকানিমূলক বক্তব্য ও বিপজ্জনক ‘বাগাড়ম্বর’ পরিহার করার আহ্বান জানিয়ে সাজ্জাদ হায়দার খান বলেন, এ ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য ভারতের আধিপত্যবাদী মানসিকতা এবং দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার প্রতি তাদের সৃষ্ট ঝুঁকিরই বহিঃপ্রকাশ। পাকিস্তান তার ভূখণ্ডগত অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। যেকোনো ধরনের আগ্রাসনের মোকাবিলায় পাকিস্তান কঠোর জবাব দেবে।

২০২৫ সালের ২২ এপ্রিলে ভারতের জম্মু-কাশ্মির রাজ্যের অনন্তনাগ জেলার পেহেলগামে জঙ্গি হামলার মে মাসে যুদ্ধে জড়িয়ে পড়েছিল ভারত ও পাকিস্তান। নয়াদিল্লির অভিযোগ—পাহালগামে ২৬ জন পর্যটককে হত্যাকারী সন্ত্রাসীরা ছিল পাকিস্তানি। ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করেছে এবং ভারতের কাছে একটি নিরপেক্ষ তদন্তে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।

এরপর পাকিস্তানের অভ্যন্তরে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা থেকে এ যুদ্ধের সূত্রপাত। ইসলাবাদের ভাষ্য, ভারত বিনা উসকানিতে এ হামলা করেছিল।

পারমাণবিক অস্ত্রধারী এই দুই দেশের মধ্যকার সেই যুদ্ধ গত ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে শেষ হয়।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেই যুদ্ধের পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, পাকিস্তান তার ভূখণ্ডগত অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার সক্ষমতা ও দৃঢ় সংকল্প প্রদর্শন করেছে। এ বিষয়ে কোনো অস্পষ্টতা থাকা উচিত নয়; যেকোনো অবিবেচনাপ্রসূত আগ্রাসনের মুখে নিজেদের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে পাকিস্তান।

সাজ্জাদ হায়দার খান আরও বলেন, পাকিস্তানের সংযম ও শান্তির প্রতি অঙ্গীকারকে যেন দুর্বলতা বলে ভুল না করা হয়। যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে।