News update
  • COP31 Nations Push for Fossil Fuel Action, More Finance     |     
  • WFP Seeks $12.1bn to Feed 91 Million People in 2027     |     
  • Bangladesh Crosses 300 LEED-Certified Green Factories     |     
  • COP31 delivers deals for host Turkey as climate diplomacy stalls     |     
  • UNGA President Urges Four Steps for Rohingya Justice     |     

চোখ রাঙাচ্ছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়, চার সমুদ্রবন্দরে সতর্কতা

গ্রীণওয়াচ ডেস্ক আবহাওয়া 2026-11-18, 11:25am

tert45345r32-654f8bbfb98716d8036a46a1bdf2a3561794979539.jpg




বঙ্গোপসাগরে সৃষ্ট নতুন ঘূর্ণিঝড় ‘আকভান’ ক্রমশ শক্তি সঞ্চয় করে চলেছে। অচিরেই এটি রূপ নিতে পারে অতি প্রবল ঘূর্ণিঝড়ে। আগামী ২০ নভেম্বর দুপুর নাগাদ ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে উপকূলে।

আগের দুই ঘূর্ণিঝড়ের মতো নতুন এই ঘূর্ণিঝড়টিরও সম্ভাব্য গন্তব্য ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল। তবে, বাংলাদেশের ওপর এই সম্ভাব্য অতি প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে। এ অবস্থায় দেশের চার সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়ে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে।

বুধবার (১৮ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের বিশেষ আবহাওয়া বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।

বুলেটিনে বলা হয়, ঘূর্ণিঝড়টি সামান্য উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় (প্রায় ১২.৬° উত্তর অক্ষাংশ এবং ৮৫.৪° পূর্ব দ্রাঘিমাংশের কাছাকাছি অবস্থান করছে। গত মধ্যরাতে এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে প্রায় ১ হাজার ২৮০ কিলোমিটার, কক্সবাজার থেকে ১ হাজার ২২৫ কিলোমিটার, মোংলা থেকে ১ হাজার ১৯০ কিলোমিটার এবং পায়রা থেকে ১ হাজার ১৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। আগামীকাল বৃহস্পতিবার সকালের দিকে এটি আরও শক্তিশালী হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। এরপর আগামী ২০ নভেম্বর দুপুর নাগাদ অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।

আবহাওয়া অধিদফতর জানায়, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার। যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর খুবই উত্তাল থাকবে।

এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে এবং সতর্কতার সঙ্গে চলাচল করতে পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এবারের ঘূর্ণিঝড়টির নাম রাখা হয়েছে ‘আকভান’। এই নামটি প্রস্তাব করেছে ইরান। এটি একটি ফারসি শব্দ। ইরানের মহাকবি ফেরদৌসীর অমর মহাকাব্য ‘শাহনামা’য় বর্ণিত এক শক্তিশালী ও মায়াবী দৈত্যের নাম ‘আকভান’ (আকভান দিভ)।

পৌরাণিক কাহিনি অনুযায়ী, এই দৈত্য ইচ্ছেমতো রূপ বদলাতে পারত এবং ইরানের কিংবদন্তি বীর রুস্তমের সঙ্গে তার লড়াইয়ের উল্লেখ রয়েছে।

প্রসঙ্গত, বঙ্গোপসাগর ও আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নামকরণ করে বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) এবং জাতিসংঘের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (এসকাপ) প্যানেলভুক্ত ১৩টি দেশ। দেশগুলো হলো: বাংলাদেশ, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন।

২০২০ সালে এই দেশগুলোর প্রস্তাবিত ১৬৯টি নামের তালিকা থেকে পর্যায়ক্রমে ঘূর্ণিঝড়ের নাম ঠিক করা হয়। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের দেওয়া ‘অর্ণব’ ও ভারতের ‘মুরাসু’র পর এবার ইরানের প্রস্তাবিত ‘আকভান’ নামটি ব্যবহৃত হলো।