News update
  • BSF men flee leaving behind 2 shotguns, walkie-talkie      |     
  • Bhutan King makes brief stopover in Dhaka, meets President     |     
  • Eid-e-Miladunnabi being observed today     |     
  • Dhaka ranks 48th in global air quality ranking     |     
  • Dhaka records moderate air quality Wednesday morning      |     

বৃষ্টিতে সকাল শুরু, সারাদিন কেমন যাবে ?

গ্রীণওয়াচ ডেস্ক আবহাওয়া 2026-08-26, 9:02am

brsstti-22a4592a70dc6a01a25243ea492903db1787713329.jpg




রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিতে সকাল শুরু হয়েছে। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজ (বুধবার) সরকারি ছুটি থাকলেও বেসরকারি বিভিন্ন অফিসের কর্মজীবীরা এতে পড়েছেন বিপাকে। বৃষ্টির কারণে সকালে ঢাকার রাস্তায় গাড়িও ছিল কম।

আজ সকাল সাড়ে ৬টার পর পর বৃষ্টি শুরু হয়। যদিও আবহাওয়া অধিদপ্তর আজ বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছিল, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসই সত্য হলো। এ রিপোর্ট লেখা (সকাল সাড়ে ৮টা) পর্যন্ত বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরমের সঙ্গে লোডশেডিংয়ের প্রভাবে বেশ অতিষ্ট জনজীবন। তাই সকালের এই বৃষ্টি অফিসগামীদের জন্য বিড়ম্বনার কারণ হলেও বাকিদের জন্য স্বস্তি এনে দিয়েছে। 

গণমাধ্যমকর্মী মাহমুদুল হাসান তানভীর থাকেন শনিরআখড়ায়। সেখান থেকে কারওয়ান বাজারে অফিসে রওনা দেওয়ার সময় বৃষ্টি পাননি। কিন্তু আসতে আসতে পথিমধ্যে বৃষ্টি শুরু হলেও মোটরসাইকেল নিয়ে পড়েন বিড়ম্বনায়। পরে বৃষ্টিতে ভিজতে ভিজতে অফিস আসেন।

কারওয়ান বাজারে সকালে কথা হয় এমন একাধিক কর্মজীবীর সঙ্গে। তারা বিভিন্ন বেসরকারি অফিসে কাজ করেন। সবাই বৃষ্টির কারণে অফিসে আসতে বিড়ম্বনার কথা স্বীকার করেছেন।

অপরদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে ভারতের ঝাড়খন্ড এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্রস্থল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

আজ দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে দমকা অথবা ঝড়োহাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।