News update
  • Switzerland Beat Colombia to Reach World Cup Last Eight     |     
  • Argentina beat Egypt 3-2 to reach World Cup quarter-finals     |     
  • Bangladesh Leads South Asia in FDI Growth: UNCTAD     |     
  • 3 flights diverted to Dhaka as rain disrupts operations at Ctg airport     |     
  • Malaysia Reopens Labour Market for Bangladeshis     |     

কারিনার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে যা জানালেন কায়সার হামিদ

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2026-05-15, 8:19am

rwerewrweq-b2a8b75fffa706dd51c74ed6c2fa62cb1778811593.jpg




লিভার-সংক্রান্ত জটিলতায় সংকটাপন্ন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার হামিদ বর্তমানে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয় এবং বর্তমানে তিনি তামিলনাড়ুর ভেলোরে অবস্থিত খ্রিষ্টান মেডিক্যাল কলেজ (সিএমসি) হাসপাতালে চিকিৎসাধীন।

তার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে বৃহস্পতিবার(১৪মে) দুপুরে কথা বলেন তার বাবা, সাবেক জাতীয় ফুটবলার কায়সার হামিদ। তিনি জানান, গত তিন দিন ধরে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থায় তারা সন্তুষ্ট এবং চিকিৎসকরা একটি মেডিক্যাল বোর্ড গঠন করে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

কায়সার হামিদ বলেন, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়ার পর থেকেই চিকিৎসায় উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। বর্তমানে তার ফুসফুসের চিকিৎসা চলছে এবং অবস্থান স্থিতিশীল থাকলে পরবর্তী ধাপে লিভার ট্রান্সপ্ল্যান্ট করা হবে। আইসিইউতে সার্বক্ষণিক দুইজন নার্স দায়িত্ব পালন করছেন এবং পরিবারকে নিয়মিত আপডেট দেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

পরিবার সূত্রে জানা গেছে, শুরুতে জ্বর ও সংক্রমণে আক্রান্ত হন কারিনা। পরে তার শরীরে হেপাটাইটিসে ও হেপাটাইটিসই ধরা পড়ে, যার জটিলতায় লিভার ফেইলিউর দেখা দেয়। অবস্থার অবনতি হলে তাকে প্রথমে আইসিইউ এবং পরে লাইফ সাপোর্টে রাখা হয়। 

এর আগে সোমবার রাত ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে চেন্নাইয়ের উদ্দেশে নেওয়া হয়। তার সঙ্গে মা ও দুই ভাই রয়েছেন।

পরিবার আরও জানিয়েছে, দুই ভাইয়ের রক্ত পরীক্ষা করা হয়েছে এবং তাদের মধ্যে একজন সম্ভাব্য লিভার ডোনার হিসেবে বিবেচিত হচ্ছেন।

অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও পরিচিত কারিনা কায়সার হামিদ সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রাণবন্ত উপস্থাপনার মাধ্যমে তরুণদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেন। তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর সহকর্মী ও ভক্তরা তার দ্রুত সুস্থতা কামনা করছেন।