News update
  • Türk warns of increased risk of atrocity crimes on Palestinians     |     
  • ADB Approves $150m Loan for Water Services in Eight Towns     |     
  • Oil Prices Rise Amid Houthi Attack Claim, Hormuz Fears     |     
  • At Least 30 Killed in Fuel Tanker Fire on Egypt Highway     |     
  • US Proposes New Tariffs on Bangladesh, 13 Other Economies     |     

রাসায়নিক অস্ত্রের দোহাই দিয়ে যুক্তরাষ্ট্রকে যুদ্ধে জড়ানোর চেষ্টা করছে ইসরায়েল : আরাঘচি

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2026-11-26, 8:02am

iraan_thaamb-18c7836ce4728cfecd555a30e467ab011795658521.jpg




ইসরায়েলের একজন মন্ত্রী তেহরান রাসায়নিক অস্ত্র তৈরি করছে বলে অভিযোগ তোলার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রকে আরও একটি যুদ্ধে টেনে আনার চেষ্টা করছে।

বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স'-এ প্রকাশিত এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন, ‘এই যুদ্ধবাজ নির্লজ্জভাবে ইরানের বিরুদ্ধে... ওষুধ কারখানায় এ ধরনের জঘন্য অস্ত্র তৈরি ও লুকিয়ে রাখার অভিযোগ তুলছে। এর উদ্দেশ্য অত্যন্ত দুঃসাহসিক- যুক্তরাষ্ট্রকে প্রতারিত করে নিজেদের পক্ষ হয়ে আরও একটি যুদ্ধে নামানো।’ খবর এএফপির।

ইসরায়েল বছরের পর বছর ধরে ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টার অভিযোগ করে আসছে; তবে মঙ্গলবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ অভিযোগ করেন, তেহরান রাসায়নিক অস্ত্র তৈরি করছে এবং ইসলামী প্রজাতন্ত্রটিকে তা অর্জন থেকে বিরত রাখার অঙ্গীকার করেন।

টেলিগ্রামে নিজের দল লিকুদ পার্টি কর্তৃক প্রকাশিত এক বিবৃতিতে কাটজ বলেন, ‘ইরান রাসায়নিক অস্ত্র তৈরির প্রক্রিয়ায় রয়েছে, তবে তা দিয়ে ইসরায়েলে আক্রমণ করার সক্ষমতা এখনো অর্জন করেনি। আমাদের এটি কোনোভাবেই এগোতে দেওয়া উচিত নয়।’

তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী পদপ্রার্থী গাদি আইজেনকটের একজন প্রধান মিত্র বুধবার বলেছেন যে, এই মুহূর্তে ইরানে আক্রমণ করার কোনো প্রয়োজন নেই এবং তিনি তত্ত্বাবধায়ক সরকারের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন।

আভিগদর লিবারম্যান বলেন, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের মধ্যে ক্ষমতার লোভ রয়েছে, যা তাদের ‘বিকারগ্রস্ত’ করে তুলেছে।

এক্স-এ লিবারম্যান লিখেছেন, ‘ইরানের হাতে রাসায়নিক অস্ত্র থাকার বিষয়ক বিবৃতিগুলো গুরুতর, তবে গোয়েন্দা এবং সামরিক অভিযানের দৃষ্টিকোণ থেকে এই মুহূর্তে ইসরায়েলের এককভাবে আক্রমণ চালানোর কোনো যৌক্তিকতা নেই।’

ইরান ইসরায়েলের এই অভিযোগগুলোকে অপপ্রচার বলে উড়িয়ে দিয়েছে; গত সপ্তাহে আব্বাস আরাঘচি ইরানের রাসায়নিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনার কথাকে ‘আবর্জনা’ হিসেবে অভিহিত করেছিলেন।