News update
  • PM set to embark on maiden overseas tour with Malaysia visit Sunday     |     
  • Food grain stocks in country exceed 20.6 lakh tons     |     
  • Dhaka, Beijing Likely to Sign 15–17 Agreements     |     
  • Govt Aims for Efficient Spending, More Revenue     |     
  • PM Stresses Education, Health for Nation-Building     |     

জার্মানিতে অপদস্থ রেজা পাহলভি, ‘লাল রঙের তরল’ নিক্ষেপ

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2026-04-23, 11:13pm

img_20260423_230823-2e933516dd73c8b9f56336f4f03856a21776964387.jpg




জার্মানির রাজধানী বার্লিনে সফর করতে গিয়ে একটি অনাকাঙ্ক্ষিত ও বিব্রতকর ঘটনার মুখোমুখি হয়েছেন ইরানের সাবেক শাহের নির্বাসিত পুত্র রেজা পাহলভি।

বৃহস্পতিবার(২৩ এপ্রিল) বিকেলে একটি সংবাদ সম্মেলন শেষ করে বের হওয়ার সময় তার ওপর কোনো এক ধরনের লাল তরল পদার্থ নিক্ষেপ করা হয়েছে। এই ঘটনায় পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে।

জানা যায়, রেজা পাহলভি একটি ফেডারেল প্রেস কনফারেন্স শেষ করে নিরাপত্তারক্ষীদের কঠোর পাহারায় নিজের গাড়ির দিকে যাচ্ছিলেন। ঠিক সেই সময় একজন ব্যক্তি তার দিকে এগিয়ে আসেন এবং হঠাৎ করেই তার ওপর তরল পদার্থটি ছুড়ে মারেন। লাল রঙের ওই তরলটি তার ঘাড় এবং কাঁধের পেছনের অংশে লাগে। তবে এই ঘটনায় ৬৫ বছর বয়সী রেজা পাহলভি শারীরিকভাবে বড় ধরনের কোনো আঘাত বা ক্ষতির মুখে পড়েননি।

ঘটনার পরপরই নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি সামাল দেন এবং তাকে দ্রুত গাড়িতে তুলে দ্রুত স্থান ত্যাগ করার ব্যবস্থা করেন। জার্মান পুলিশ তাৎক্ষণিকভাবে ওই হামলাকারীকে ঘটনাস্থল থেকেই হেফাজতে নিয়েছে। কেন এবং কী উদ্দেশ্যে তিনি এই হামলা চালিয়েছেন সে বিষয়ে পুলিশ বিস্তারিত তদন্ত শুরু করেছে। যদিও তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির নাম বা পরিচয় প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, রেজা পাহলভি হলেন ইরানের শেষ শাহ মোহাম্মদ রেজা পাহলভির জ্যেষ্ঠ পুত্র। ১৯৭৯ সালের ঐতিহাসিক ইসলামি বিপ্লবের পর তাকে পরিবারসহ দেশ ছাড়তে হয়। দীর্ঘ সময় ধরে তিনি বিদেশে নির্বাসিত জীবনযাপন করছেন। ইরানের বর্তমান শাসনব্যবস্থার চরম বিরোধী হিসেবে পরিচিত এই ব্যক্তিত্ব এখনো স্বপ্ন দেখেন তিনি একদিন ইরানে ফিরবেন এবং দেশটিতে পাহলভি রাজবংশের শাসন ফিরিয়ে আনবেন।

এদিকে, বার্লিন সফরের সময় দেওয়া সংবাদ সম্মেলনে ইরানে বৈদেশিক হামলার পক্ষে নিজের অবস্থান পুনরায় স্পষ্ট করেন তিনি।