
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত ‘ভাষা মেলা ২০২৬’-এ অংশ নিয়েছে রাশিয়ান হাউস ইন ঢাকা। দুই দিনব্যাপী এ প্রদর্শনী ২২ ও ২৩ ফেব্রুয়ারি ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
মেলায় বহুভাষিকতা, আন্তঃসাংস্কৃতিক সংলাপ এবং বিশ্বব্যাপী ভাষাগত ঐতিহ্য সংরক্ষণে কাজ করা বিভিন্ন শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। আয়োজকেরা জানান, ভাষা ও সংস্কৃতির বৈচিত্র্য উদ্যাপন এবং পারস্পরিক বোঝাপড়া জোরদার করাই ছিল এ আয়োজনের লক্ষ্য।
রাশিয়ান হাউসের স্টলে দর্শনার্থীরা রুশ ভাষা ও সংস্কৃতি, উচ্চশিক্ষার সুযোগ এবং আন্তর্জাতিক মানবিক কর্মসূচি সম্পর্কে তথ্য জানার সুযোগ পান। রুশ সাহিত্য, ইতিহাস ও সমসাময়িক সাংস্কৃতিক উদ্যোগ নিয়ে উপস্থাপনাগুলো দর্শনার্থীদের বিশেষ আগ্রহ কেড়েছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, ‘ভাষা মেলা ২০২৬’-এর মতো আয়োজনে অংশগ্রহণ সাংস্কৃতিক সহযোগিতা জোরদার এবং বৈশ্বিক ভাষাগত বৈচিত্র্য রক্ষায় সহায়ক ভূমিকা রাখে। সফল আয়োজনের জন্য রাশিয়ান হাউস আয়োজক ও দর্শনার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।