
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ফাইল ছবি
দেশের একটি সংবাদ মাধ্যমকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের দেওয়া সাক্ষাৎকার নিয়ে নানামুখী আলোচনা চলছে। এবার এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
জামায়াত আমির লেখেন, ৫ আগস্ট ২০২৪ বিষয়ে রাষ্ট্রপতি অনেক কিছুই চেপে গিয়েছেন। পতিত পলাতক প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়ে উনি উপস্থিত নেতৃবৃন্দকে যা বলেছিলেন এবং পরবর্তীতে জাতিকে যা জানিয়েছিলেন তার বর্তমান বক্তব্যে তিনি তা স্বীকার করেননি। আর এখন যা বলছেন সেদিন তার কিছুই তিনি বলেননি।
জামায়াত আমির আরও লেখেন, কোটি-কোটি মানুষ যা শুনলো এবং সেদিন তিনি যা বললেন আর এখন যা বলছেন তার হিসেব রাষ্ট্রপতি মিলিয়ে দেবেন কি?
জাতি অবুঝ নয়। রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে এ রকম আচরণ অগ্রহণযোগ্য বলেও পোস্টে উল্লেখ করেন ডা. শফিকুর রহমান।
উল্লেখ্য, সম্প্রতি দেশের একটি সংবাদ মাধ্যমকে দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সেখানে তিনি গত দেড় বছরে নিজের দায়িত্বপালন ও সরকারের নানা কর্মকাণ্ড তুলে ধরেন।