News update
  • Dhaka asks Yangon to perform obligations under ICJ verdict      |     
  • Russian nuke-capable bombers leave Vietnam as Putin meets Trump, Xi     |     
  • RMG Wage Unrest: ILO urges all parties to reach a solution     |     
  • ICJ Says Myanmar Forces Killed About 10,000 Rohingya     |     
  • UN top court convicts Myanmar of ‘genocidal intent’ against Rohingya     |     

যুক্তরাষ্ট্রজুড়ে সব ফ্লাইট বন্ধ

গ্রীণওয়াচ ডেস্ক মিডিয়া 2026-11-14, 8:14am

usa_new-92252467237b40b2f4e775eb457a7bb51794622499.jpg




যোগাযোগব্যবস্থায় ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রজুড়ে সব ফ্লাইট সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। দেশটির ২২টি এয়ার রুট ট্রাফিক কন্ট্রোল সেন্টারে যোগাযোগে বিঘ্ন ঘটায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে প্রায় ৭ হাজার ফ্লাইট বিলম্বিত বা বাতিল হয়েছে। খবর আল জাজিরার। 

যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি জানিয়েছেন, এফএএর প্রযুক্তিবিদেরা সমস্যাটি তদন্ত করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, তদন্তের অগ্রগতি সম্পর্কে নতুন তথ্য পাওয়া মাত্রই জানানো হবে।

এফএএ জানিয়েছে, টেলিযোগাযোগব্যবস্থায় সাময়িক বিভ্রাট দেখা দেওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দেশজুড়ে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ রাখা হয়েছে। তবে আন্তর্জাতিক ফ্লাইটের বিষয়ে পরিস্থিতি বিবেচনা করে আলাদাভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।

ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, এই সিদ্ধান্তের কারণে প্রায় ৭ হাজার ফ্লাইট বিলম্বিত হয়েছে বা বাতিল হয়েছে। অন্যদিকে ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, উড্ডয়ন বন্ধের নির্দেশ দেওয়ার সময় যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরের উদ্দেশে আকাশে ছিল ৪ হাজার ৪২টি উড়োজাহাজ।

যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী মার্কওয়েন মুলিন সাংবাদিকদের বলেছেন, ফ্লাইট বন্ধের পেছনে দেশটির নিরাপত্তার জন্য কোনো হুমকি ছিল, এমন ইঙ্গিত পাওয়া যায়নি। তিনি বলেন, ‘সবাই নিরাপদে আছেন। সব ফ্লাইটের অবস্থান সম্পর্কে আমাদের তথ্য রয়েছে। এটি আরেকটি ৯/১১ নয়।’ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিষয়টি সম্পর্কে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।

উড়োজাহাজ নিয়ন্ত্রকদের সহায়তায় চালুর পরিকল্পনা থাকা নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তির কারণে এই সমস্যা হয়েছে কি না, জানতে চাইলে মুলিন বলেন, তদন্তের এ পর্যায়ে কোনো সম্ভাবনাই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ব্লুমবার্গের এক প্রতিবেদনে এক কর্মকর্তার বরাতে বলা হয়েছে, এফবিআইয়ের ধারণা, সাইবার হামলা বা অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে এই বিভ্রাট ঘটেনি। তদন্তকারীরা কোনো সফটওয়্যার আপডেটের কারণে সমস্যা হয়েছে কি না, তা খতিয়ে দেখছেন। তবে এখনও বিভ্রাটের প্রকৃত কারণ জানা যায়নি।

এ ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন ডেমোক্রেটিক সিনেটর ট্যামি ডাকওয়ার্থ। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের আকাশপথের নিরাপত্তা একাধিক বিকল্প ব্যবস্থার ওপর নির্ভরশীল। দেশজুড়ে ফ্লাইট বন্ধের পেছনে যে কারণই থাকুক, তা নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন। এফএর কাছ থেকে জবাবদিহি চাওয়ার কথাও জানিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রণব্যবস্থায় দীর্ঘদিন ধরেই নানা সমস্যা দেখা যাচ্ছে। পুরোনো অবকাঠামো, যন্ত্রপাতির ত্রুটি, যোগাযোগে বিঘ্ন এবং পর্যাপ্ত  উড়োজাহাজ নিয়ন্ত্রকের অভাব নিয়ে চাপের মধ্যে রয়েছে এফএএ।

এদিকে এফএর কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এয়ার ট্রাফিক ব্যবস্থাপনা প্রযুক্তি তৈরি করা প্রতিষ্ঠান এয়ার স্পেস ইন্টেলিজেন্স (এএসআই) জানিয়েছে, তাদের প্রযুক্তির কারণে দেশজুড়ে ফ্লাইট বন্ধের ঘটনা ঘটেনি। প্রতিষ্ঠানটি বলেছে, এএসআইয়ের তৈরি স্মার্ট সিস্টেম বা এফএএ ও এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে তাদের প্রযুক্তির সমন্বয়ের সঙ্গে এই বিভ্রাটের কোনো সম্পর্ক নেই।

গত জুনে স্মার্ট সিস্টেম তৈরি ও চালুর জন্য এএসআইকে ৮৭৫ মিলিয়ন ডলারের চুক্তি দেয় এফএএ। উড়োজাহাজ চলাচল ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের জন্য এই প্রযুক্তি তৈরি করা হয়েছে। গত ১০ নভেম্বর সংস্থাটি দেশটির ২২টি এয়ার ট্রাফিক কন্ট্রোল সেন্টারে এই ব্যবস্থা সম্প্রসারণের ঘোষণা দেয়।

বিমান চলাচলে অচলাবস্থার প্রভাব পড়েছে রেল যোগাযোগেও। যুক্তরাষ্ট্রের জাতীয় রেল অপারেটর অ্যামট্রাক জানিয়েছে, তাদের ওয়েবসাইট ও অ্যাপে ত্রুটির বার্তা দেখাচ্ছে। পাশাপাশি অতিরিক্ত ফোনকলের কারণে গ্রাহকেরা প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করতে সমস্যায় পড়ছেন।

অ্যামট্রাক সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, বিমান চলাচলে চলমান সমস্যার কারণে তাদের কলের সংখ্যা স্বাভাবিকের তুলনায় অনেক বেড়েছে। গ্রাহকদের কিছু সময় পর আবার সেবা ব্যবহারের চেষ্টা করতে বলা হয়েছে।

সাবেক এফএএ নিরাপত্তা দলের প্রতিনিধি ও পাইলট কাইল বেইলি আল-জাজিরাকে বলেন, সমস্যার প্রকৃত কারণ বুঝতে এখনও তদন্তকারীদের আরও সময় প্রয়োজন। কয়েক ঘণ্টার মধ্যে নিশ্চিতভাবে কারণ জানা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

বেইলির মতে, সমস্যার কারণ শনাক্ত না হওয়া পর্যন্ত বিমানগুলোকে মাটিতে রাখাই সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত। এ মুহূর্তে কেউ যদি নিশ্চিতভাবে সমস্যার কারণ জানার দাবি করেন, তাহলে তা বিশ্বাসযোগ্য হবে না।

২০২৩ সালের জানুয়ারিতে এফএর একটি গুরুত্বপূর্ণ কম্পিউটার ব্যবস্থায় ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রজুড়ে ফ্লাইট বন্ধ হয়েছিল। এরপর দেশটিতে প্রথমবারের মতো এমন পরিস্থিতি তৈরি হলো। এর আগে সর্বশেষ ২০০১ সালের ১১ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্রের সব ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছিল।