News update
  • COP31 Nations Push for Fossil Fuel Action, More Finance     |     
  • WFP Seeks $12.1bn to Feed 91 Million People in 2027     |     
  • Bangladesh Crosses 300 LEED-Certified Green Factories     |     
  • COP31 delivers deals for host Turkey as climate diplomacy stalls     |     
  • UNGA President Urges Four Steps for Rohingya Justice     |     

‘অমরত্বের’ খোঁজে পুতিন, ৭ হাজার বানরের ওপর রাশিয়ার গবেষণা

গ্রীণওয়াচ ডেস্ক মিডিয়া 2026-11-13, 4:24pm

img_20261113_162235-6e6924c4977df503093ec3d150b6d7001794565472.jpg




রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দীর্ঘায়ু হওয়ার আকাঙ্ক্ষাকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছে দেশটির বার্ধক্যবিষয়ক গবেষণা। মানুষের আয়ু ১৫০ বছর পর্যন্ত বাড়ানো এবং বার্ধক্যের প্রক্রিয়া ধীর করার সম্ভাবনা খুঁজতে সাত হাজারের বেশি বানরের ওপর গবেষণা চালাচ্ছেন রুশ বিজ্ঞানীরা। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার অন্যতম প্রধান গবেষণা প্রতিষ্ঠান কুরচাটভ ইনস্টিটিউটে চলছে এ গবেষণা। প্রতিষ্ঠানটিতে ২২ প্রজাতির সাত হাজারের বেশি বানর রয়েছে। এর মধ্যে বয়স্ক বানরদের নিয়ে বিশেষভাবে গবেষণা করছেন বিজ্ঞানীরা। কয়েকটির বয়স ৩০ বছরেরও বেশি। দীর্ঘায়ুর রহস্য অনুসন্ধানে তাদের রক্ত, মস্তিষ্ক ও শরীরের বিভিন্ন অভ্যন্তরীণ অঙ্গ পরীক্ষা করা হচ্ছে।

গবেষণা কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছেন ৮০ বছর বয়সী বিজ্ঞানী মিখাইল কোভালচুক। তিনি পুতিনের ঘনিষ্ঠ বিজ্ঞানবিষয়ক পরামর্শক হিসেবে পরিচিত। মস্কোর একটি বিজ্ঞানবিষয়ক ফোরামে কোভালচুক জানান, ১৮ থেকে ৩০ বছরের বেশি বয়সী বানরদের বিভিন্ন শারীরিক ও জৈবিক পরীক্ষা করা হচ্ছে। এসব পরীক্ষার মধ্যে রয়েছে রক্তের জৈব রাসায়নিক বিশ্লেষণ, রক্তনালির অবস্থা পর্যবেক্ষণ, শারীরিক গঠন পরীক্ষা এবং মস্তিষ্কের স্ক্যান।

কোভালচুকের মতে, মানুষের সঙ্গে শারীরিক ও জৈবিক সাদৃশ্য থাকায় বানর দীর্ঘায়ু গবেষণার জন্য গুরুত্বপূর্ণ। এ গবেষণার মাধ্যমে মানুষের আয়ু বাড়ানোর একটি কার্যকর নিয়ন্ত্রণব্যবস্থা তৈরির ভিত্তি পাওয়া যেতে পারে।

এদিকে অস্বাভাবিক দীর্ঘজীবী বানরদের রক্তের নমুনা সংরক্ষণে বিশেষ ব্যাংকও তৈরি করেছেন গবেষকেরা। পেত্রোভস্কি রুশ বৈজ্ঞানিক সার্জারি কেন্দ্রের সঙ্গে যৌথভাবে পরিচালিত হচ্ছে প্রকল্পটি। প্রতিষ্ঠানটির পরিচালক কনস্তান্তিন কোটেনকোর দাবি, এসব নমুনা বিশ্লেষণের মাধ্যমে বার্ধক্যের পেছনে কাজ করা জৈবিক প্রক্রিয়া সম্পর্কে আরও বিস্তারিত জানা সম্ভব হবে।

পুতিনের দীর্ঘায়ু হওয়ার আগ্রহ নিয়ে এর আগেও নানা আলোচনা হয়েছে। এ উদ্যোগের সঙ্গে যুক্ত রয়েছেন তার মেয়ে মারিয়া ভরোন্তসোভাও। ৪১ বছর বয়সী এন্ডোক্রাইনোলজিস্ট মারিয়া বার্ধক্য প্রতিরোধ এবং বয়সজনিত সমস্যা মোকাবিলায় ওষুধ তৈরির পরিকল্পনা নিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে কথা বলেছেন। বাবার নাম উল্লেখ না করলেও দীর্ঘায়ু গবেষণার অন্যতম প্রেরণা হিসেবে মৃত্যুভীতির বিষয়টি তুলে ধরেন তিনি।

গত বছর চীন সফরের সময়ও পুতিনের দীর্ঘায়ু হওয়ার আকাঙ্ক্ষা আলোচনায় আসে। বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার কথোপকথন খোলা মাইক্রোফোনে ধরা পড়ে। সেখানে অঙ্গ প্রতিস্থাপনের উন্নতি এবং মানুষের ১৫০ বছর পর্যন্ত বেঁচে থাকার সম্ভাবনা নিয়ে আলোচনা করতে শোনা যায় দুই নেতাকে।

পুতিনকে বলতে শোনা যায়, অঙ্গ প্রতিস্থাপনের উন্নতির ফলে মানুষ ক্রমেই আরও তরুণ হয়ে উঠতে পারে। এমনকি ভবিষ্যতে অমরত্ব অর্জনের সম্ভাবনাও তৈরি হতে পারে। পরে কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক এক সম্মেলনে তিনি বলেন, মানুষের পক্ষে ১৫০ বছর পর্যন্ত বেঁচে থাকা সম্ভব হতে পারে। তবে এত দীর্ঘ আয়ুও তার কাছে যথেষ্ট নয় বলে মন্তব্য করেন তিনি।

শুধু বানরের ওপর গবেষণাতেই সীমাবদ্ধ নেই রাশিয়ার দীর্ঘায়ু প্রকল্প। বার্ধক্য মোকাবিলায় জীবন্ত টিস্যুর ত্রিমাত্রিক মুদ্রণ বা থ্রিডি প্রিন্টিং এবং জেনোট্রান্সপ্লান্টেশন নিয়েও কাজ করছেন বিজ্ঞানীরা। জেনোট্রান্সপ্লান্টেশনের ক্ষেত্রে জিনগতভাবে পরিবর্তিত ক্ষুদ্রাকৃতির শূকরের শরীরে মানুষের ব্যবহারের উপযোগী অঙ্গ তৈরির সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।

এ ছাড়া বার্ধক্য বিলম্বিত করতে বিশেষ ওষুধ তৈরির উদ্যোগও রয়েছে। ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, প্রস্তাবিত ওষুধে বার্ধক্য প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত রেজ জিনের কার্যক্রম বন্ধ করার পরিকল্পনা করছেন রুশ বিজ্ঞানীরা।

তবে এসব গবেষণার মাধ্যমে মানুষের আয়ু ১৫০ বছর পর্যন্ত বাড়ানো কিংবা অমরত্ব অর্জন কতটা সম্ভব হবে, তা এখনো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। সূত্র: ডেইলি মেইল