News update
  • BYD Expands Future of New Energy Mobility with Triple-Model Launch in BD     |     
  • High reliance on VAT, AIT fuel inflation, denting investment     |     
  • DMP steps up Eid-ul-Azha security, vows crackdown on crime     |     
  • JUCSU blockade Dhaka-Aricha highway, protest non-arrest of rape suspect     |     
  • ‘Songs of Fired Earth’ Inaugurated at Alliance Francaise     |     

মায়ের পা ধুয়ে ভালোবাসা দিবস পালন করল শিশুরা

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2023-02-14, 1:59pm

resize-350x230x0x0-image-211950-1676357971-b0e5ad370356fec3e0a6250c856642d81676361589.jpg




মায়ের পা ধুয়ে বিশ্ব ভালোবাসা দিবস পালন করেছে শিশুরা।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) শহরের এসপি পার্কে হাতেখড়ি প্রি-প্রাইমারি স্কুল বিশ্ব ভালোবাসা দিবসে এ আয়োজন করে।

সকাল থেকে মা-বাবার হাত ধরে শিক্ষার্থীরা পার্কে উপস্থিত হয়। পার্কে সারিবদ্ধ হয়ে বসেন মায়েরা। সন্তানরা পানি দিয়ে মায়ের পা ধুয়ে ভালোবাসা প্রকাশ করে। ভালোবাসার স্লোগান সংবলিত মেডেল মায়ের গলায় পরিয়ে দেয় শিশুরা। এমন ভালোবাসা পেয়ে শিশুদের জড়িয়ে ধরে আবেগাপ্লুত হন মায়েরা। ভালোবাসা দিবসের এ অনুষ্ঠানে উপস্থিত হয়ে শিশুরা আনন্দে মেতে ওঠে।

শিশু নীলাদ্রি খান বলেন, আমি মায়ের পা ধুয়ে দিয়েছি। মাকে মেডেল পরিয়ে দিয়েছি। আমার খুব ভালো লাগছে।

মুগ্ধ বলেন, আমি মাকে অনেক ভালোবাসি। মা যখন অফিসে থাকে আমি খুব মিস করি। আজকে মাকে সারাদিন পেয়েছি। মায়ের পা ধুয়ে দিয়েছি। এখানে সব বন্ধুরা অনেক মজা করেছি। টিচার আমাদের মজার মজার অনেক চকলেট উপহার দিয়েছেন।

অভিভাবক সামিমা নাসরিন সিথী বলেন, সন্তানের কাছ থেকে এমন ভালোবাসা পাব কল্পনাও করিনি। শিশুদের ছোট থেকে যা শেখানো হবে, বড় হয়ে তারা তা অনুসরণ করবে। স্কুলের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। এ রকম অনুষ্ঠানের মাধ্যমে ছোট থেকে মা-বাবার প্রতি সন্তান দায়িত্ব পালনে উদ্বুদ্ধ হবে।

হাতেখড়ি প্রি-প্রাইমারি স্কুলের চেয়ারম্যান নওশাদ রানা সানভী বলেন, আমরা মনে করি ভালোবাসা পাওয়ার প্রথম ভাগীদার মা-বাবা। যদিও তাদের প্রতি ভালোবাসা প্রদর্শনের কোনো বিশেষ দিন প্রয়োজন হয় না। বিশেষ এই দিনে শিশুদের মনে বাবা-মায়ের প্রতি অটুট ভালোবাসা এনে দিতেই এই আয়োজন করে থাকি। আমরা প্রতিটি শিশুকে শিখিয়ে থাকি বড় হয়ে ভালো মানুষ হতে হবে এবং নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে।

হাতেখড়ি প্রি-প্রাইমারি স্কুলের উপদেষ্টা ও টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদের সভাপতিত্বে, জান্নাত জিরিয়া খান ছোঁয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল জেলার প্রশাসক জসীম উদ্দিন হায়দার।

অনুষ্ঠান উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার সরোয়ার আলম। এতে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল পৌর মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, জেলা শিক্ষা অফিসার লায়লা খানম, টাঙ্গাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, সাংবাদিক মির্জা শাকিল, রাইট ফেয়ারের চেয়ারম্যান ফরিদ আহমেদ সাথী প্রমুখ। তথ্য সূত্র আরটিভি নিউজ।