News update
  • 42-Year Rainfall Record Broken as Chattogram Floods     |     
  • Flash Flood Risk Rises as Rivers Swell: FFWC     |     
  • Switzerland Beat Colombia to Reach World Cup Last Eight     |     
  • Argentina beat Egypt 3-2 to reach World Cup quarter-finals     |     
  • Bangladesh Leads South Asia in FDI Growth: UNCTAD     |     

পাহাড়ধসে শিশুসহ ৫ জন নিহত

গ্রীণওয়াচ ডেস্ক বিপর্যয় 2026-07-09, 9:20am

img_20260709_091856-144a8dfe86cc48e2107f69364ac3eee31783567232.jpg




বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে পাহাড়ধসে শিশুসহ দুই পরিবারের পাঁচ জনের মৃত্যু হয়েছে৷ বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে টানা ভারি বর্ষণের সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আজিজনগর ইউনিয়নের মিশনপাড়ার বাসিন্দা মো. ইউনুস (২৮), তার স্ত্রী রানু আক্তার (২২), তাদের ছেলে মো. সোলেমান (৪) এবং একই এলাকার মো. জুয়েল (৩৪) ও তার স্ত্রী কুলছুমা আক্তার (২৫)।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় সূত্র জানায়, গত রোববার থেকে টানা কয়েকদিনের বৃষ্টিতে পাহাড়ের মাটি নরম হয়ে বিভিন্ন স্থানে ধসে পড়ছে। এর ধারাবাহিকতায় আজিজনগর ইউনিয়নের পাগলাছড়া এলাকায় পাহাড়ধসে একই পরিবারের তিনজন নিহত হন। এছাড়া একই এলাকার আরেকটি পাহাড়ধসে বসতঘরের ওপর পড়লে স্বামী-স্ত্রী দুজন মারা যান। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে পাঁচজনের মরদেহ উদ্ধার করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার বলেন, পাহাড় ধসে লামার আজিজনগর এলাকায় একই পরিবারের তিনজনসহ মোট পাঁচ জন নিহত হয়েছেন। ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যদের সহযোগিতায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে টানা বৃষ্টির কারণে লামাসহ বান্দরবানের বিভিন্ন এলাকায় পাহাড়ধসের ঝুঁকি চরম আকার ধারণ করেছে। নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ায় ব্যাহত হচ্ছে জনজীবন ও সড়ক যোগাযোগ। প্রশাসনের পক্ষ থেকে খোলা ২২০টি আশ্রয়কেন্দ্রে দুর্গতদের অনেকেই আশ্রয় নিলেও, ঝুঁকিপূর্ণ এলাকার অনেক বাসিন্দা এখনও নিরাপদ আশ্রয়ে সরে যেতে অনাগ্রহ প্রকাশ করছেন।

বর্তমানে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বিপৎসীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি টানা বৃষ্টির কারণে বিভিন্ন উপজেলার সড়ক যোগাযোগ, বিদ্যুৎ সংযোগ ও নেটওয়ার্ক ব্যবস্থা ভেঙে পড়ায় যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।