
Houses destroyed by Baishakhi storm in Kalapara on Tuesday.
পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় কাল বৈশাখী ঝড়ে অন্তত: ৫ টি বসতঘর পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। এছাড়া আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে অন্তত: অর্ধ শতাধিক বসত ঘর। ঝড়ের তান্ডবে উপড়ে পছেড়ে শত শত গাছপালা। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নবাবগঞ্জ ও সলিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, দুপুরে প্রচন্ড বৃষ্টির সঙ্গে হঠাৎ ঝড়ো হাওয়ায় নবাবগঞ্জ গ্রামের মন্নান বয়াতি, মরিয়ম ও মাধবের বসতঘর এবং সলিমপুর গ্রামের নির্মল বিশ্বাস ও বিমল বিশ্বাসের বসতঘর পুরোপুরি বিধ্বস্ত হয়। বর্তমানে তারা প্রতিবেশীদের বাড়িতে আশ্রয় নিয়েছে। এছাড়া লতাচাপলী, মহিপুর, ধুলাসার ও মিঠাগঞ্জ ইউনিয়নের অন্তত: অর্ধ শতাধিক ঘর বাড়ি আংশিক বিধ্বস্ত হয়েছে। হতদরিদ্র এসব পরিবার ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে সরকারি সহায়তার আশায় রয়েছেন।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বলেন, ক্ষতিগ্রস্থ প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যানের সাথে যোগাযোগ করে ও সরেজমিন পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরী করা হচ্ছে। তাদের সহযোগিতার বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে। - গোফরান পলাশ