News update
  • Acting President begins official duties at Bangabhaban     |     
  • PM Backs Bangladesh-Made Medical Devices, Innovation      |     
  • Ex-RAB Commander Taken Into Military Custody     |     
  • GPS Mandatory in All Public Transport From 1 August     |     
  • 32 officials involved in ‘controversial’ 2018 polls get retirement     |     

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বড় সুখবর

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2026-06-07, 1:20pm

y6ytry4565464-377e970bf6924cf523fffd4876e36a011780816818.jpg




ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম থেকে কনটেন্ট ক্রিয়েটরদের উপার্জিত আয়ের ওপর থেকে কর প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্তমানে এই খাত থেকে অর্জিত আয়ের ওপর ৭ দশমিক ৫০ শতাংশ হারে উৎস কর কেটে রাখা হয়। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় এই খাতকে পুরোপুরি করমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে এই সংক্রান্ত আনুষ্ঠানিক প্রস্তাব থাকতে পারে বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে।

বিএনপির সর্বশেষ নির্বাচনি ইশতেহারে সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (এআই) পাঁচটি আধুনিক তথ্যপ্রযুক্তি খাতে ২ লাখ এবং ফ্রিল্যান্সিং ও কনটেন্ট ক্রিয়েশন খাতে আরও ৮ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির ঘোষণা ছিল। একই সঙ্গে আইসিটি খাতের প্রসারে শক্তিশালী নীতিমালা প্রণয়ন, জাতীয় সাইবার নিরাপত্তাকেন্দ্র স্থাপন, ই-ওয়ালেট চালু, ১০ বছরের জন্য বিশেষ কর সুবিধা, উদ্যোক্তাদের জন্য ভর্তুকিযুক্ত ঋণ এবং স্টার্টআপ তহবিল গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। দেশের ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনে শিল্প খাত, সৃজনশীল অর্থনীতি ও আইসিটি খাতকে ইশতেহারে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়।

ডিজিটাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে যারা তথ্যবহুল, শিক্ষণীয় কিংবা বিনোদনমূলক ছবি, অডিও ও ভিডিও তৈরি করেন, সাধারণত তারাই কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত। তারা মূলত ইউটিউব অ্যাডসেন্স, ফেসবুক মনিটাইজেশন, ব্র্যান্ড প্রমোশন বা স্পনসরশিপের মাধ্যমে বৈদেশিক মুদ্রা ও অর্থ আয় করেন। এত দিন এই আয়ের টাকা ব্যাংকে আসার পর স্বয়ংক্রিয়ভাবে ৭ দশমিক ৫০ শতাংশ কর কেটে রাখা হতো।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) একজন শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সরকারের মূল লক্ষ্য দেশের সাধারণ নাগরিক ও তরুণ সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা। তাদের ফ্রিল্যান্সিং ও কনটেন্ট তৈরিতে আরও উৎসাহিত করতেই এই কর ছাড়ের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৩ সালের আয়কর আইনে কনটেন্ট ক্রিয়েটরদের সুনির্দিষ্ট সংজ্ঞা না থাকলেও নীতিনির্ধারকেরা জানিয়েছেন, মূলত প্রান্তিক পর্যায়ের ব্যক্তি উদ্যোগের সীমিত আয়ের ফ্রিল্যান্সাররা এই সুবিধার আওতায় পড়বেন। তবে প্রাতিষ্ঠানিক বা বড় মিডিয়া অফিসের ফেসবুক পেজের আয়ের ওপর কর বহাল থাকতে পারে।

সরকারের এই নির্দেশনার পর দেশের শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড ইতিমধ্যে ফ্রিল্যান্সিং আয়ের ওপর থেকে কর কর্তন স্থগিতের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। শুক্রবার(৫ জুন) ব্যাংকটির অফিশিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি যেসব ফ্রিল্যান্সারের অ্যাকাউন্ট থেকে কর বাবদ টাকা কেটে নেওয়া হয়েছে, তা দ্রুততম সময়ের মধ্যে গ্রাহকের অ্যাকাউন্টে ফেরত দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, বর্তমান সরকার সাধারণ মানুষের স্বস্তির কথা বিবেচনা করে সম্প্রতি বেশ কিছু কর নীতিতে পরিবর্তন এনেছে। এর আগে নিত্যপণ্যের ওপর উৎস কর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হলেও জনস্বার্থে তা বাতিল করা হয়। এ ছাড়া মোটরসাইকেল-অটোরিকশার কর প্রত্যাহার, সম্পদ কর ও উত্তরাধিকার করের উদ্যোগ বাতিল এবং রপ্তানি প্রণোদনার ওপর বাড়তি করের হার অর্ধেক করাসহ আবগারি শুল্কের সীমা ৩ লাখ থেকে বাড়িয়ে ৫ লাখ টাকা করার মানবিক সিদ্ধান্ত নিয়েছে সরকার।