
মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ফলাফলের প্রভাব বিশ্ব আর্থিক ও জ্বালানি বাজারে ছড়িয়ে পড়ার পর আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম হু হু করে বেড়ে গত দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। ডলারের দরপতন এবং মার্কিন ট্রেজারি বন্ডের ফলন কমে যাওয়ায় নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছেন বিশ্বজুড়ে বিনিয়োগকারীরা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ১.৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১২৪.৮৯ ডলারে পৌঁছায়। লেনদেনের শুরুতেই দাম বেড়ে আউন্সপ্রতি ৪ হাজার ১৪৬.৬৩ ডলারে উঠে যায়, যা গত ২০ অক্টোবরের পর সর্বোচ্চ। এর আগে গতকাল বুধবারও স্বর্ণের দামে ৩.৪ শতাংশের বড় উল্লম্ফন ঘটেছিল, যা গত ১৯ আগস্টের পর এক দিনে সবচেয়ে বড় বৃদ্ধি।
একই সময়ে আগামী ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন গোল্ড ফিউচার ১.৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৩৫.৪০ ডলারে লেনদেন হচ্ছে।
বাজার বিশ্লেষক সংস্থা এক্সএস ডটকমের মার্কেট অ্যানালিস্ট লিন ট্রান জানান, মার্কিন ডলারের দুর্বলতা এবং ট্রেজারি বন্ডের ইয়েল্ড বা ফলন কমে যাওয়ার কারণে স্বর্ণের দাম পুনরায় গুরুত্বপূর্ণ ৪ হাজার ডলারের মনস্তাত্ত্বিক স্তর অতিক্রম করেছে। তিনি উল্লেখ করেন, যদি বিনিয়োগের এই ধারা এবং বন্ডের বাজার স্থিতিশীল থাকে, তবে বিশ্ববাজারে স্বর্ণের দাম ৪ হাজার ২০০ ডলার ছুঁয়ে ৪ হাজার ৪০০ ডলার পর্যন্ত উঠতে পারে।
আন্তর্জাতিক ব্রোকারেজ প্রতিষ্ঠান সিটি এক পূর্বাভাসে জানিয়েছে, হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত হওয়া এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমিত হলে আগামী ৩ মাসের মধ্যে স্বর্ণের দাম আউন্সপ্রতি ৪ হাজার ৫০০ ডলারের লক্ষ্যমাত্রায় পৌঁছে যেতে পারে।
অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট সিলভারের দাম ০.৮ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৫২.৬৩ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া প্ল্যাটিনামের দাম ১.২ শতাংশ বেড়ে ১ হাজার ৫১৪.২০ ডলার এবং প্যালাডিয়ামের দাম ২.২ শতাংশ বেড়ে ১ হাজার ২৬.৮৩ ডলারে পৌঁছেছে।