News update
  • COP31 Nations Push for Fossil Fuel Action, More Finance     |     
  • WFP Seeks $12.1bn to Feed 91 Million People in 2027     |     
  • Bangladesh Crosses 300 LEED-Certified Green Factories     |     
  • COP31 delivers deals for host Turkey as climate diplomacy stalls     |     
  • UNGA President Urges Four Steps for Rohingya Justice     |     

হামজাকে নিয়ে ভাবনা নেই ইউসুফ বাটের, লক্ষ্য ফাইনাল

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2026-11-13, 4:14pm

haamjaa_caudhurii-d2b68df5f71fce5d384d46ea85fcc1ca1794564861.jpg




হামজাকে ঘিরে যখন প্রতিপক্ষের আলাদা প্রস্তুতির আলোচনা, তখন পাকিস্তানের গোলরক্ষক ইউসুফ বাটের ভাবনায় অন্য কিছু। বাংলাদেশকে হারিয়ে ফাইনালের মঞ্চের স্বপ্ন দেখছেন তিনি।

আগামীকাল শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৮টায় জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান। গুরুত্বপূর্ণ এই লড়াইয়ের প্রস্তুতি হিসেবে আজ সকালে অনুশীলন করেছে পাকিস্তান দল। অনুশীলন শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ফাইনালের প্রত্যাশার কথা জানিয়েছেন পাকিস্তানের গোলরক্ষক ইউসুফ বাট। 

এবারের সাফে বাংলাদেশের সবচেয়ে আলোচিত ফুটবলার হামজা চৌধুরী। প্রতিপক্ষের এমন তারকাকে ঘিরে আলাদা পরিকল্পনা থাকার কথা থাকলেও বিষয়টি নিয়ে খুব একটা ভাবছেন না পাকিস্তানি গোলরক্ষক। বরং বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়ার বিপক্ষে খেলাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। বাটের ভাষায়, ‘হামজা বা অন্য কাউকে নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। আমার কাছে গুরুত্বপূর্ণ হলো আমার ভালো বন্ধু জামাল ভূঁইয়ার বিপক্ষে খেলা।’

হামজা ও শমিতকে ভালো মানের ফুটবলার হিসেবে স্বীকার করলেও নিজেদের দলেও প্রতিভাবান খেলোয়াড়ের অভাব দেখছেন না বাট। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘তাদের দিক থেকে বলতে গেলে, হ্যাঁ, তারা ভালো খেলোয়াড়। আমাদেরও খুব ভালো খেলোয়াড় রয়েছে। হামজা চৌধুরীকে নিয়ে অনেক আলোচনা হয়। তবে আমাদের দলে আবদুল্লাহ ইকবাল আছে, ঈসা সুমান আছে, আদিল নবী আছে, আবদুল আরশাদ আছে। তাই আমি মনে করি যে, হ্যাঁ, তারা দুর্দান্ত খেলোয়াড়। গ্যারান্টি দিচ্ছি যে আমাদের দলেও দুর্দান্ত খেলোয়াড় রয়েছে।’ 

ফিফা উইন্ডোতে নতুন করে পাঁচজন ফুটবলার যুক্ত হওয়ায় পাকিস্তানের দলীয় শক্তি আরও বাড়বে বলে বিশ্বাস তার। নতুনদের অন্তর্ভুক্তি নিয়ে বাটের বক্তব্য, ‘আমাদের পাঁচজন নতুন খেলোয়াড় আসছে, যারা ইনশাআল্লাহ দলের সাথে যোগ দিয়ে সাহায্য করতে পারবে। তবে আবারও বলছি, সবকিছু দল নিয়ে, কোনো ব্যক্তিগত খেলোয়াড়কে নিয়ে নয়। তাই আমরা সম্মিলিতভাবে ইনশাআল্লাহ মাঠে নেমে বাংলাদেশের বিরুদ্ধে নিজেদের সেরাটা দেব এবং আশা করি ইনশাআল্লাহ, সেটাই যথেষ্ট হবে।’

২০১৮ সালে ঢাকায় বাংলাদেশের কাছে হারের স্মৃতিও রয়েছে পাকিস্তানের। দীর্ঘ আট বছর পর এবার সেই হারের জবাব দিতে চায় দলটি। অতীতের ম্যাচ প্রসঙ্গে ইউসুফ বাট বলেন, ‘বাংলাদেশ ও পাকিস্তান সবসময়ই ভালো ম্যাচ খেলে। ২০১৮ সালে একটা আত্মঘাতী গোলের কারণে তারা খুব ভাগ্যবান হয়েছিল, ইনশাআল্লাহ এবার ফলাফল অন্যরকম হবে।’

বাংলাদেশের সমর্থকদের উপস্থিতিতে মাঠে বাড়তি চাপ তৈরি হতে পারে বলে মনে করেন বাট। তবে ম্যাচে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআর প্রযুক্তি থাকায় স্বস্তি প্রকাশ করেছেন তিনি। তার কথায়, ‘আমরা জানি যে বাংলাদেশি দর্শকদের পক্ষ থেকে বেশ ভালো একটা চাপ থাকে। তবে আমি ব্যক্তিগতভাবে খুশি যে এবার সাহায্য করার জন্য ভিএআর থাকছে। আমার মনে হয় এটা আমাদের জন্য একটা বড় সাহায্য হবে, কারণ জানেন তো, যখন ঘরের মাঠের দল এবং সমর্থকরা খেলে, তখন অনেক চাপ তৈরি হয়। তাই আলহামদুলিল্লাহ, আমি এজন্য খুশি যে এই দিক থেকে বিষয়টি আরও একটু গোছানো হতে পারে।’

চলতি সাফের শুরুতেই ভারতের কাছে হেরেছিল পাকিস্তান। সেই হারের স্মৃতি ভুলে এবার ফাইনালে আবারও ভারতের মুখোমুখি হতে চান বাট। তবে তার আগে বাংলাদেশের বাধা পেরোনোর বিষয়টিই এখন পাকিস্তানের প্রধান লক্ষ্য। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি সত্যিই ভারতের বিরুদ্ধে আবারও খেলতে চাই, কারণ আমাদের জন্য ম্যাচটি খুবই, খুবই, খুবই খারাপ একটা ম্যাচ ছিল। আমি বলব গত ১২-১৩ ম্যাচের মধ্যে এটি হয়তো আমাদের সবচেয়ে খারাপ খেলা ছিল। তাই আমি আশা করি যে ইনশাআল্লাহ আমরা ফাইনালে আবারও তাদের মুখোমুখি হবো, তবে এক ম্যাচে এক ধাপে এগোতে হবে, এখন আমাদের সামনে বাংলাদেশ।’

দক্ষিণ এশিয়ার ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ আসর সাফ চ্যাম্পিয়নশিপকে বিশেষ গুরুত্ব দেন পাকিস্তানের ফুটবলাররা। এই টুর্নামেন্ট জেতাকে নিজেদের বড় লক্ষ্য হিসেবে দেখছেন ইউসুফ বাট। শিরোপা জয়ের প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, ‘আমি সাফ কাপ খেলতে ভালোবাসি, আমাদের কাছে সাফ কাপ বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্ট, আর আগামী বছর ইনশাআল্লাহ আমাদের বিশ্বকাপ বাছাইপর্বও আছে, কিন্তু সাফ কাপ এমন একটা প্রতিযোগিতা যা জয় করা আমার এবং বিশেষ করে দলেরও একটি বড় লক্ষ্য। তাই আমি আশা করি ইনশাআল্লাহ আমরা ইতিহাস গড়তে পারব এবং এবার শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারব।’