
বিশ্বকাপের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে ব্যস্ত ফুটবল বিশ্বের তিন পরাশক্তি আর্জেন্টিনা, ব্রাজিল ও পর্তুগাল। শনিবার(৬জুন) রাতে ভিন্ন ভিন্ন প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে দল তিনটি। আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিন মহাতারকা, লিওনেল মেসি, নেইমার ও ক্রিশ্চিয়ানো রোনালদো।
মাসল ইনজুরির কারণে শুরুতে দলের সঙ্গে পুরোপুরি অনুশীলন করতে পারেননি আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। তবে এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন তিনি। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, মেসি দলের সঙ্গে আংশিক অনুশীলন করেছেন এবং হন্ডুরাস কিংবা আইসল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের কোনো একটিতে কিছু সময়ের জন্য মাঠে নামতে পারেন।
স্কালোনি বলেন, মেসি এখন অনেক ভালো আছে। সে দলের সঙ্গে অনুশীলন করেছে এবং আমরা আশাবাদী যে প্রস্তুতি ম্যাচে কিছু সময়ের জন্য হলেও খেলতে পারবে।
হন্ডুরাসের বিপক্ষে ম্যাচে নিয়মিত গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের পরিবর্তে হুয়ান মুসোকে খেলানোর পরিকল্পনা করেছেন স্কালোনি। অন্য প্রস্তুতি ম্যাচে সুযোগ পাবেন রুলিকে।
অন্যদিকে ব্রাজিল শিবিরে এখনও পুরোপুরি ফিট নন নেইমার। মিশরের বিপক্ষে ম্যাচ সামনে রেখে ব্রাজিল দল প্রস্তুতি নিলেও তার পুনর্বাসন প্রক্রিয়া চলমান রয়েছে। ফলে এই ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা নেই।
ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি মিশরের বিপক্ষে একাদশে কয়েকটি পরিবর্তন আনতে পারেন। প্রস্তুতি ম্যাচে কিছু নতুন ও বিকল্প খেলোয়াড়কে পরীক্ষা করে দেখার পরিকল্পনা রয়েছে তার।
বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে চিলির মুখোমুখি হবে পর্তুগাল। পর্তুগিজ কোচ রবার্তো মার্টিনেজ জানিয়েছেন, রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপে খেলার অপেক্ষায় থাকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে এই ম্যাচে খেলানোর সম্ভাবনা রয়েছে।
রোনালদো ও মেসি দুজনই এবার নিজেদের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন, যা পুরুষ ফুটবলে একটি অনন্য রেকর্ড হিসেবে বিবেচিত হবে।
বিশ্বকাপের আগে এই প্রস্তুতি ম্যাচগুলোতে নজর থাকবে মূলত তারকাদের ফিটনেস, দলগত সমন্বয় এবং কোচদের কৌশলগত পরীক্ষার দিকে। ফলে আর্জেন্টিনা-হন্ডুরাস, ব্রাজিল-মিশর ও পর্তুগাল-চিলি তিনটি ম্যাচই ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।