News update
  • Special prayer held at DU on 45th death anniv of Ziaur Rahman     |     
  • 55-year-old dies in Chuadanga as fibrous mango bit blocks throat     |     
  • Dhaka's air quality ‘moderate’ during Eid holiday     |     
  • Thousands of tourists flock to Kuakata during Eid festival     |     
  • 45th anniversary Ziaur Rahman's death Saturday     |     

রুদ্ধশ্বাস টাইব্রেকারে জিতে টানা দ্বিতীয় শিরোপা পিএসজির

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2026-05-31, 7:17am

htryrtyrtyrte-a5ec1c5b7ba27c9d85e8678c4487fb601780190271.jpg




চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম শিরোপার লড়াই জারি রাখতে শেষ টাইব্রেকারে গোল দরকার ছিল আর্সেনালের। কিন্তু গ্যাব্রিয়েল মাগাইলেহাসের গতিময় শট গিয়ে জায়গা করে নিল গ্যালারিতে। সঙ্গে সঙ্গে বাঁধভাঙা উল্লাসে মেতে উঠল পিএসজি। আর কাছে গিয়েও স্বপ্ন ভঙ্গের হতাশায় ডুবল আর্সেনাল।
শনিবার (৩০ মে) দিনগত রাতে হাঙ্গেরির বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে টাইব্রেকারে আর্সেনালকে ৪-৩ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ইউরোপের সিংহাসন ধরে রাখল পিএসজি।
পুরো ম্যাচে ৭৫ শতাংশের বেশি সময় বল নিজেদের পায়ে রেখে আর্সেনালের ওপর ছড়ি ঘুরিয়েছে পিএসজি। ফরাসি চ্যাম্পিয়নরা গোলের জন্য মোট ২১টি শট নিলেও লক্ষ্যে রাখতে পেরেছিল মাত্র চারটি।
অন্যদিকে, আর্সেনাল তাদের রক্ষণের ওপর ভিত্তি করে প্রতি-আক্রমণে খেলার কৌশল নিয়েছিল। ৭টি শটের মধ্যে মাত্র একটি লক্ষ্যে রেখেছিলেন হাভার্টজ, যা থেকে গোলও এসেছিল।
ম্যাচের শুরুতে অবশ্য দুর্দান্ত ছন্দে ছিল আর্সেনাল। ষষ্ঠ মিনিটে কাই হাভার্টজের গোলে লিড নিয়ে ফাইনালে শুভসূচনা করে গানাররা। মাঝমাঠের কাছে ফাঁকায় বল পেয়ে ডি-বক্সের ভেতর ঢুকে দুরূহ কোণ থেকে দারুণ এক জোরালো শটে দলকে এগিয়ে নেন এই জার্মান তারকা।
এর আগে ২০২০-২১ মৌসুমে চেলসিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো হাভার্টজ এদিনও প্রমাণ করলেন বড় ম্যাচে তিনি কতটা কার্যকর।
পিএসজি গোল শোধে মরিয়া হয়ে উঠলে আর্সেনালের রক্ষণভাগ দারুণভাবে প্রতিরোধ গড়ে তোলে। তবে ম্যাচের ৬৫তম মিনিটে আর আটকে রাখা যায়নি পিএসজিকে। রক্ষণভাগে জটলার মধ্যে প্রতিপক্ষ ফরোয়ার্ড কাভারাৎস্খেলিয়াকে ফাউল করায় রেফারি পেনাল্টির বাঁশি বাজান।সেই পেনাল্টি থেকে সফল স্পট কিকে পিএসজিকে সমতায় ফেরান উসমান দেম্বেলে। এরপর পুরো ম্যাচে পিএসজি গোলের জন্য একের পর এক আক্রমণ শানালেও আর্সেনাল গোলরক্ষক দাভিদ রায়ার দৃঢ়তায় আর কোনো গোল হয়নি।
নির্ধারিত ৯০ মিনিট এবং অতিরিক্ত সময়ের ৩০ মিনিটেও স্কোরলাইন ১-১ থাকলে ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। সেখানে প্রথম ভুলটা করেন আর্সেনালের এবেরেচি এজে, তার দুর্বল শট বাইরে চলে যায়। তবে পরের শটেই পিএসজির নুনো মেন্দেসের শট ঠেকিয়ে আশা জাগান আর্সেনালের গোলরক্ষক রায়া।
এরপর দুই দলের শটগুলো জালে জড়ালে স্নায়ুচাপ তুঙ্গে ওঠে। শেষ শটটি নিতে আসেন গ্যাব্রিয়েল। চাপের মুখে ভারসাম্য হারিয়ে বল মাঠের বাইরে আকাশে উড়িয়ে মারেন এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার। আর তাতেই নিশ্চিত হয় পিএসজির টানা দ্বিতীয় শিরোপা।
২২ বছরের দীর্ঘ অপেক্ষা শেষে কিছুদিন আগেই প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছিল আর্সেনাল। ঘরোয়া লিগে খরা কাটালেও ইউরোপসেরার মঞ্চে তাদের শিরোপা জয়ের স্বপ্ন আবারও অধরাই রয়ে গেল।