News update
  • Call for a people-centric budget, care for marginalized ones     |     
  • BYD Expands Future of New Energy Mobility with Triple-Model Launch in BD     |     
  • High reliance on VAT, AIT fuel inflation, denting investment     |     
  • DMP steps up Eid-ul-Azha security, vows crackdown on crime     |     

ইবি উপাচার্যের অডিও ফাঁস : নিয়োগ পরীক্ষা স্থগিত

গ্রীণওয়াচ ডেস্ক পরীক্ষা 2023-02-19, 3:36pm

resize-350x230x0x0-image-212682-1676797362-60c28c60758f78447a1ce83f835c05ab1676799384.jpg




সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম ও সংশ্লিষ্ট বিভাগের এক চাকরিপ্রার্থীর মধ্যে কথোপকথনের একটি অডিও ফাঁসের ঘটনায় নিয়োগ বোর্ড স্থগিত করা হয়েছে। এতে দুটি বিভাগ ও মেডিকেল অফিসার পদের নিয়োগ নির্বাচনি বোর্ড স্থগিত করা হচ্ছে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২০ ফেব্রুয়ারি সকাল ১০টায় অনুষ্ঠিতব্য ‘মেডিকেল অফিসার’, ২২ ফেব্রুয়ারি সকাল ১০টায় শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ‘প্রভাষক’ ও বেলা ১১টায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ‘সহকারী অধ্যাপক’ পদের নিয়োগ নির্বাচনী বোর্ড অনিবার্য কারণবশত স্থগিত করা হলো। উক্ত পদগুলোর নিয়োগ নির্বাচনী বোর্ডের তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম জানান, শুধুমাত্র অডিও ফাঁসের জন্য নিয়োগ বোর্ড স্থগিত করা হয়েছে, বিষয়টি এমন নয়। যেহেতু এত বড় একটা ঘটনা ঘটল, সেহেতু আমরা শিক্ষক-কর্মকর্তারা সবার সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেব। নিয়োগ বোর্ড বাতিল করা হয়নি, স্থগিত করা হয়েছে। আর বিশ্ববিদ্যালয় চালাতে গেলে নিয়োগ তো দিতেই হবে। আমরা সময়সাপেক্ষে নিয়োগ বোর্ডের তারিখ দেব।

এদিকে অডিও ফাঁসের ঘটনায় শনিবার উপাচার্যের পদত্যাগের দাবিতে কার্যালয়ে তালা লাগিয়ে আন্দোলন করেন ‘অস্থায়ী চাকরিজীবী পরিষদ’। তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর ও বিভাগে দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করেন। তাদের বেশির ভাগই সাবেক ছাত্রলীগ নেতাকর্মী বলে জানা গেছে। এ সময় তারা উপাচার্যের অপসারণ দাবি করেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ও শুক্রবার ‘ফারাহ জেবিন’ ও ‘মিসেস সালাম’ নামে ফেসবুক আইডি থেকে চাকরির প্রশ্নফাঁস ও শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর নিয়োগ বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে উপাচার্যের একাধিক অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়। তথ্য সূত্র আরটিভি নিউজ।