News update
  • President Shahabuddin Set to Resign Today: Agency     |     
  • Trade Deficit Widens 24% Despite Record Remittances     |     
  • Modi Invites Tarique to BRICS Summit in India     |     
  • Govt Moves to Bring ETPs Online to Save Buriganga     |     
  • President Shahabuddin Eyes Resignation: Sources     |     

শিক্ষার্থীদের একবারই রেজিস্ট্রেশন করতে হবে: শিক্ষামন্ত্রী

গ্রীণওয়াচ ডেস্ক পরীক্ষা 2026-04-14, 8:52am

rtret43534-7ef1a4a5ff69389f6a941ec0472c0cd91776135131.jpg




শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষার্থীদের একবারই রেজিস্ট্রেশন করতে হবে, এক মুরগি তিনবার জবাই করা যাবে না। এক ক্লাস থেকে অন্য ক্লাসে উঠতে নতুন করে ভর্তির বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী।

আজ সোমবার (১৩ এপ্রিল) দুপুরে যশোর শিক্ষাবোর্ড, খুলনা বিভাগের মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন মন্ত্রী।

এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে যশোর পিটিআই অডিটরিয়ামে এ সভার আয়োজন করে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড।

শিক্ষামন্ত্রী আরও বলেন, আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার কোনো বিকল্প নেই। সে কারণে প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন। গুরুত্ব দেওয়া হচ্ছে শিক্ষার সঙ্গে সংশ্লিষ্টদের প্রতি, বিশেষ করে শিক্ষকদের ওপর।

পরীক্ষায় নকলের বিষয় উল্লেখ করে মন্ত্রী বলেন, ছেলেমেয়েরা যদি নকল করতে চায়, সেটি তাদের দুর্বলতা নয়, বরং এটি শিক্ষকদের দুর্বলতা। বাচ্চারা কেন নকল করতে চাইছে, তা খুঁজে বের করে সমাধানের দিকে যেতে হবে। করোনার ভেরিয়েন্টের মতো এখন নকলেরও নানা ভেরিয়েন্ট হয়েছে; ডিজিটাল নকল তার একটি।

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘আমাকে নিয়ে অনেকেই নানাভাবে ট্রল করছে, আমি এটি এনজয় করছি। আমি চাই, প্রতিনিয়ত শিক্ষাব্যবস্থা নিয়ে সংসদে আমাকে নিয়ে বিরোধীদলের এমপিরা প্রশ্ন করুন। জবাবদিহিতা ও কাঠগড়ায় তুলুন আমাকে। কেননা অন্য কোনো মন্ত্রণালয়ের মতো শিক্ষা মন্ত্রণালয় নয়, শিক্ষার উন্নয়নে আমি কাজ করতে চাই।’

যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মোসাম্মৎ আসমা বেগমের সভাপতিত্বে মতবিনিময় সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিউর রহমান, যশোর-৫ আসনের সংসদ সদস্য গাজী এনামুল হক, যশোর-৬ আসনের সংসদ সদস্য মোক্তার আলী, নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আলিম, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম।

সভায় কারিগরি শিক্ষাবোর্ডর চেয়ারম্যান প্রকৌশলী রুহুল আমিন ও মাদ্রাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিয়া নুরুল হকও বক্তব্য দেন।