News update
  • Measles Death Toll in Children Surpasses 350     |     
  • Global Eid on Same Day ‘Not Practical’: Mufti Malek     |     
  • PM Rides Teen Inventor’s Smart Car in Dhaka      |     
  • Man beaten to death in Chuadanga over financial dispute     |     
  • Dhaka's air 5th worst in the world Saturday morning     |     

গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো আজ : মির্জা ফখরুল

গ্রীণওয়াচ ডেস্ক নির্বাচন 2026-02-12, 9:48am

rrtwrwe-3b7e0604399c9ba73cd739ad091bf0171770868103.jpg




বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো আজ। সেই সঙ্গে এই নির্বাচন নির্ধারণ করবে এই দেশের ভবিষ্যৎ রাজনীতি কোনদিকে যাবে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ভোট প্রদানের প্রথম প্রহরে সকাল পৌনে ৮টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল এসব কথা বলেন।

মির্জা ফখরুলের পাশাপাশি এই ভোটকেন্দ্রে ভোট প্রদান করেন ফখরুলের সহধর্মিণী রাহাত আরা বেগম, বড় মেয়ে শামারুহ মির্জা, ছোট মেয়ে শাফারুহ মির্জা প্রমুখ।

মির্জা ফখরুল আরও বলেন, দীর্ঘ ১৫ বছর পরে ফ্যাসিস্ট শাসনের অবসানের পরে আল্লাহর অশেষ রহমতে বাংলাদেশে এই জাতীয় সংসদ নির্বাচনের শুভ দিনের শুভ সূচনা হলো। এই নির্বাচন জাতির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিএনপির মহাসচিব বলেন, এই নির্বাচন নির্ধারণ করবে এই দেশের ভবিষ্যৎ রাজনীতি কোনদিকে যাবে। বাংলাদেশের গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো আজ। আশা করি এই পথ মসৃণভাবে আগামী দিনগুলোতে বাংলাদেশের মানুষের জীবনকে, বাংলাদেশের রাজনীতিকে, বাংলাদেশের অর্থনীতিকে সুন্দরের দিকে, তার লক্ষ্যের দিকে নিয়ে যাবে।

ফখরুল ইসলাম বলেন, আমরা আজকে অত্যন্ত আনন্দিত অনেক বাধা বিপত্তি পেড়িয়ে, অনেক রক্তপাতের মধ্য দিয়ে, অনেক আত্মত্যাগের মধ্য দিয়ে আজকের দিনটির শুভ সূচনা হয়েছে। এই দিনটির জন্য আমাদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে, বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘ আন্দোলনের পর আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি ত্যাগ স্বীকার করে গেছেন। লাখ লাখ মানুষ পুলিশের হাতে নির্যাতিত হয়েছে, গুম হয়েছে, হত্যা হয়েছে।

মির্জা ফখরুল বলেন, চব্বিশের জুলাইয়ে ছাত্র-জনতা, কৃষক-শ্রমিক প্রাণ হারিয়েছেন। এত আত্মত্যাগের পরে আজকের এই নির্বাচন। আশা করছি এই নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হবে। সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে আমাদের প্রত্যাশা এই নির্বাচন বাংলাদেশের জন্য একটা নতুন অধ্যায় শুরু করবে।

ভোট প্রদান শেষে সুষ্ঠু নির্বাচন হলে তাঁর দলের বিজয় নিশ্চিত এমন আশা প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন সুষ্ঠু হলে গণতান্ত্রিক ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থার সবকিছুতে গণতন্ত্রের চর্চা করার সুযোগ সৃষ্টি হবে।

এদিকে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াত মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন শহরের হাজীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন।

জেলার তিনটি আসনে এবার ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে মোট ভোটার সংখ্যা ১২লাখ ১৫ হাজার ৮০৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ লাখ ১৪ হাজার ৯৮৬ জন এবং নারী ভোটার ৬ লাখ ৮১৪ জন।