News update
  • 100 CSOs rally against Trump’s trade tactics, urge access to drugs     |     
  • BNP believes in multiparty democracy, not revenge: Moyeen Khan     |     
  • Bangladesh reaffirms commitment to revitalise SAARC process     |     
  • Bangla Academy assures inclusive Ekushey Book Fair From Feb 26     |     
  • 2 former National University VCs face travel ban     |     

রাজস্ব ঘাটতি ৬০ হাজার কোটি টাকা

গ্রীণওয়াচ ডেস্ক ট্যাক্স 2026-02-24, 7:21pm

enbiaar-jaatiiyy-raajse-bordd-5088b038c41e8061008dfd455bcf35441771939260.jpg




গত অর্থবছরের তুলনায় রাজস্ব আদায় বাড়লেও লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। চলতি অর্থবছরের প্রথম সাত মাসে রাজস্ব ঘাটতির পরিমাণ ৬০ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। গত বছরের ডিসেম্বর শেষে ঘাটতি ছিল ৪৬ হাজার কোটি টাকা।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা যায়, চলতি অর্থবছরের (২০২৫-২৬ ) প্রথম সাত মাসে  (জুলাই-জানুয়ারি)  রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল দুই লাখ ৮৩ হাজার ৭৫১ কোটি টাকা। এর বিপরীতে আদায় হয়েছে দুই লাখ ২৩ হাজার ৬৩৮ কোটি টাকা। সে হিসাবে ঘাটতির পরিমাণ দাঁড়াল ৬০ হাজার ১১৩ কোটি টাকা। অবশ্য রাজস্ব ঘাটতি হলেও আলোচ্য সময়ে রাজস্ব প্রবৃদ্ধি হয়েছে ১২ দশমিক ৯০ শতাংশ।

একক মাস হিসেবে সর্বশেষ গত জানুয়ারিতে ৫২ হাজার ৫৪৫ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৩৭ হাজার ৩৩ কোটি টাকা। ঘাটতি হয়েছে ১৫ হাজার কোটি টাকার বেশি।

চলতি অর্থবছরের প্রথম সাত মাসে সবচেয়ে বড় ঘাটতি হয়েছে আয়কর খাতে। এ খাতে ঘাটতি ২৮ হাজার ৯২৫ কোটি টাকা। আমদানি পর্যায়ে ঘাটতি হয়েছে ১৫ হাজার ৬৮৩ কোটি টাকা। ভ্যাট খাতে ঘাটতি হয়েছে ১৫ হাজার ৫০৬ কোটি টাকা।

আলোচ্য সময়ে আয়কর খাতের লক্ষ্যমাত্রা ছিল এক লাখ তিন হাজার ৯৮০ কোটি টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ৭৫ হাজার ৫৫ কোটি টাকা। আমদানি শুল্কে আলোচ্য সময়ে ৭৮ হাজার ৪৯৬ কোটি টাকা লক্ষ্যমাত্রা থাকলেও এর বিপরীতে আদায় হয়েছে ৬২ হাজার ৮১৪ কোটি টাকা। সবচেয়ে বেশি আদায় হয়েছে ভ্যাট খাতে। আলোচ্য সময়ে ৮৫ হাজার ৭৬৯ কোটি টাকা আদায় হয়েছে। এর লক্ষ্যমাত্রা ছিল এক লাখ এক হাজার ২৭৫ কোটি টাকা।

চলতি অর্থবছরের শুরুতে এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল চার লাখ ৯৯ হাজার কোটি টাকা। পরবর্তীতে গত ১০ নভেম্বর বাজেট মনিটরিং ও সম্পদ কমিটি এ লক্ষ্যমাত্রা বাড়িয়ে পাঁচ লাখ ৫৪ হাজার কোটি টাকা নির্ধারণ করে।