News update
  • Resignation of President Mohammed Shahabuddin for ill health     |     
  • Why President Shahabuddin resigned from office     |     
  • President Mohammed Shahabuddin Resigns     |     
  • Experts Call for Better Flood Forecasting, Urban Planning     |     
  • Fakhrul Urges Public to Ignore Resignation Rumours     |     

শুক্রবার সারা ভারতে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

গ্রীণওয়াচ ডেস্ক গনতন্ত্র 2026-07-23, 7:35pm

img_20260723_193332-1ee5fdb468be7840fe46f96b3e8081621784813744.jpg




ভারতের দিল্লির জন্তর মন্তরে শিক্ষার্থী আন্দোলনে অংশ নেওয়া বিক্ষোভকারীদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে শুক্রবার (২৪ জুলাই) সারা ভারতে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক পোস্টারে সংগঠনটি ‘প্রতিটি জেলা, এক দিন, এক দাবি’ স্লোগানে দেশজুড়ে শিক্ষার্থী, ছাত্রসংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিদের কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের। 
সিজেপি জানিয়েছে, প্রতিটি জেলায় শান্তিপূর্ণ সমাবেশ আয়োজন করে সাম্প্রতিক আন্দোলনে পুলিশি অভিযানের শিকার শিক্ষার্থীদের প্রতি সংহতি জানানো হবে।
অংশগ্রহণকারীদের নির্ধারিত স্থানে জড়ো হয়ে শিক্ষার্থীদের দাবিগুলো জনসমক্ষে পাঠ করারও আহ্বান জানানো হয়েছে।
কর্মসূচি বাস্তবায়নের জন্য সংগঠনটি একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি), প্রচারসামগ্রী এবং জেলা প্রশাসনের কাছে জমা দেওয়ার জন্য একটি স্মারকলিপির খসড়া প্রকাশ করেছে।
স্থানীয় আয়োজকদের ছাত্রসংগঠন ও অন্যান্য সামাজিক সংগঠনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় প্রশাসনিক অনুমতি নেওয়া এবং পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।
সিজেপির নির্দেশনায় বলা হয়েছে, সমাবেশ শেষে শিক্ষার্থীদের দাবিসংবলিত স্মারকলিপি সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছে জমা দিতে হবে।
বর্তমানে দিল্লির জন্তর মন্তরে নিট-ইউজি ২০২৬ প্রশ্নফাঁসের অভিযোগ এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে সিজেপির আন্দোলন চলছে।
এদিকে আন্দোলন চলমান থাকলেও কেন্দ্রীয় সরকার আবারও সংগঠনটির সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছে। বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে, নিট-ইউজি ২০২৬ প্রশ্নফাঁস ইস্যুতে সরকার সংসদের ফ্লোর লিডারদের নিয়ে বৈঠক করতে পারে।
সরকার বিরোধী দলগুলোকে জানিয়েছে, পদত্যাগের মতো কোনো পূর্বশর্ত ছাড়াই বিষয়টি নিয়ে সংসদে আলোচনা করতে তারা প্রস্তুত।
আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে.পি. নাড্ডাও পুনরায় বলেন, সরকার সিজেপির সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। তিনি জানান, সংগঠনের প্রতিনিধিরা চাইলে তার সরকারি বাসভবন বা দপ্তরে গিয়ে বৈঠক করতে পারেন।
তবে সিজেপি জানিয়েছে, যেহেতু তাদের আন্দোলন জন্তর মন্তরে চলছে, তাই আলোচনাও সেখানেই বা এর আশপাশে হতে হবে। সরকারের প্রস্তাবিত বৈঠকের স্থান তারা প্রত্যাখ্যান করেছে।