
আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ওই দিন বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনে এ অধিবেশন শুরু হবে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের আইন প্রণয়ন শাখা-১ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ১৪৩২ বঙ্গাব্দের ২৭ ফাল্গুন মোতাবেক ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে।
সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলার সই করা বিজ্ঞপ্তির অনুলিপি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, অ্যাটর্নি জেনারেলসহ সংশ্লিষ্ট সব দফতরে পাঠানো হয়েছে। অধিবেশন উপলক্ষে এরইমধ্যে সংসদ ভবনের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার প্রক্রিয়া শুরু হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদের এটিই হবে প্রথম অধিবেশন। নিয়মানুযায়ী, প্রথম অধিবেশনের শুরুতেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। এরপর রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেবেন। রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে পরবর্তী সময়ে সংসদ সদস্যরা আলোচনায় অংশ নেবেন।