News update
  • Extreme Global Temperatures Set to Continue Into 2027     |     
  • Bangladesh's Inflation Eases to 8.27% in October     |     
  • Govt to Build Six 100-Bed Hospitals for Workers: PM     |     
  • Oceans, our best bet vs climate change, finally at heart of COP31     |     
  • Hasina’s passport request is political stunt: ICT Chief Prosecutor     |     

পলাতক ফ্যাসিস্টকে ফেরানোর অপচেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে দোয়া

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2026-11-09, 7:35pm

dhrm_prtimntrii-97564ce329cee3198a933c5c3aed347c1794231309.jpg




ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের উদ্বোধনী বৈঠকে মোনাজাতে ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন বলেছেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি ফ্যাসিস্টকে বিতাড়িত করার তাওফিক দিয়েছেন। আবার যদি কেউ সেই ফ্যাসিস্টকে ফিরিয়ে আনার অপচেষ্টা চালায়, আমরা যেন তা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে পারি।

আজ সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের উদ্বোধনী বৈঠকে মোনাজাত পরিচালনাকালে এ দোয়া করেন ধর্ম প্রতিমন্ত্রী।

দেশের সাধারণ মানুষ সংসদের প্রতি যে বিপুল আশা-আকাঙ্ক্ষা নিয়ে তাকিয়ে আছে, তা বাস্তবায়নের সক্ষমতা চেয়েও মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন ধর্ম প্রতিমন্ত্রী।

এদিন বিকেল ৩টা ৩৮ মিনিটে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদ ভবনের মূল সংসদ কক্ষে অধিবেশনের কার্যক্রম শুরু হয়।

চতুর্থ অধিবেশনের প্রথম দিনের নির্ধারিত কার্যসূচিতে ছিল সভাপতিমণ্ডলী মনোনয়ন, শোকপ্রস্তাব গ্রহণ, প্রশ্নোত্তর পর্ব, ৭১-বিধি অনুযায়ী জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশ এবং আইন প্রণয়নসংক্রান্ত কার্যাবলি।

এ ছাড়া বিগত তৃতীয় অধিবেশন সমাপ্তির পর থেকে অন্তর্বর্তী সময়ে রাষ্ট্রপতির মাধ্যমে জারি হওয়া তিনটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ এ বৈঠকে সংসদে উত্থাপন করা হয়। অধ্যাদেশগুলো হলো—পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ ২০২৬, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ ২০২৬ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ ২০২৬।

এর আগে অনুষ্ঠিত সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, চলমান এ চতুর্থ অধিবেশন আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলবে। সরকারি ছুটির দিন (শুক্র ও শনিবার) বাদে প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে সংসদের বৈঠক অনুষ্ঠিত হবে। স্পিকারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ কমিটির অন্যান্য শীর্ষ সদস্যরা উপস্থিত ছিলেন।

চলতি অধিবেশনে সংসদ সদস্যদের কাছ থেকে ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। এতে প্রধানমন্ত্রীর জন্য ১৭৪টি এবং বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের জন্য ৩ হাজার ৫৭৭টিসহ সর্বমোট ৩ হাজার ৭৫১টি প্রশ্ন জমা পড়েছে। এর পাশাপাশি ৭১-বিধিতে মনোযোগ আকর্ষণের ৯২টি নোটিশ এবং ১৩১-বিধিতে সিদ্ধান্ত প্রস্তাবের জন্য ২৮১টি নোটিশ জমা পড়েছে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।