
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ইসলাম শান্তি, সম্প্রীতি ও কল্যাণের ধর্ম। সঠিকভাবে ইসলামের প্রচার ও চর্চা হলে তা সমাজ ও দেশের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে। পীর-মাশায়েখ ও আলেম-ওলামারা দীর্ঘদিন ধরে ইসলামের প্রসার এবং মানুষের নৈতিক ও ধর্মীয় শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। অন্যায়, বিভাজন ও ধর্মের অপব্যবহারের বিরুদ্ধে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান রাষ্ট্রপতি।
আজ মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি ও দৈনিক ইনকিলাবের সম্পাদকের নেতৃত্বে ৩০ সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের নেতাদের উদ্দেশে বলেন, আপনারা সঠিক ইসলাম প্রচার করে ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন এবং যারা ধর্মকে কেন্দ্র করে রাজনৈতিক ফায়দা লোটে আপনারা তাদের থেকে দূরে থেকেছেন। বরং এসব অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। দেশের মাদরাসা শিক্ষা, ধর্মীয় মূল্যবোধের প্রসার এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে আলেম-ওলামারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
রাষ্ট্রপতি আরও বলেন, বর্তমান সময়ে পারস্পরিক ঐক্য ও সংহতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে মুসলিম বিশ্বের মধ্যে ঐক্য ও সহযোগিতা জোরদার করা গেলে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করা সহজ হবে। দেশকে সুন্দরভাবে এগিয়ে নিতে আলেম-ওলামা ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন রাষ্ট্রপতি।
প্রতিনিধিদলের পক্ষ থেকে উত্থাপিত বিভিন্ন দাবির বিষয়ে রাষ্ট্রপতি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন এবং বিষয়গুলো বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি মাওলানা কবি রূহুল আমীন খান, মহাসচিব মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী, উপদেষ্টা মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী, সহসভাপতি আলহাজ্ব মাওলানা সৈয়দ আবু নোমান মুহাম্মদ মাহবুবুর রহমান প্রমুখ।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।