News update
  • PM Pays Tribute at Shikha Anirban on Armed Forces Day     |     
  • COP31 Nations Push for Fossil Fuel Action, More Finance     |     
  • WFP Seeks $12.1bn to Feed 91 Million People in 2027     |     
  • Bangladesh Crosses 300 LEED-Certified Green Factories     |     
  • COP31 delivers deals for host Turkey as climate diplomacy stalls     |     

এশিয়া কাপের আগে বড় চমক দিতে চায় বাংলাদেশ

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2026-11-21, 10:23am

fffff-a98f6f64e6cdfac22ab2ffd15a7241e31795235030.jpg




এশিয়া কাপের মঞ্চে নামার আগেই নিজেদের প্রস্তুতিতে বাড়তি ধার দিতে চায় বাংলাদেশ। শুধু প্রস্তুতি ম্যাচ নয়, বরং শক্তিশালী দুই প্রতিপক্ষকে নিয়ে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সম্ভাব্য সেই লড়াইয়ে বাংলাদেশের সঙ্গী হতে পারে এশিয়ার দুই ক্রিকেট পরাশক্তি পাকিস্তান ও শ্রীলঙ্কা।

সম্প্রতি (১১ থেকে ১৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত) ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আইসিসির সভায় এই প্রস্তাব তুলে ধরে বিসিবি। বিষয়টি সামনে আসে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভির বক্তব্যের মাধ্যমে। পাকিস্তানি সাংবাদিকদের তিনি জানান, পরবর্তী বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। তবে প্রস্তাবের সময়কাল নিয়ে তার বক্তব্য সঠিক নয় বলে স্পষ্ট করেছে বিসিবি।

ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে বিসিবির এক মুখপাত্র জানিয়েছেন, বাংলাদেশের মাটিতে অনুষ্ঠেয় এশিয়া কাপকে সামনে রেখেই পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবে দুই দেশের কাছ থেকেই ইতিবাচক সাড়া পাওয়া গেছে। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।

এ বিষয়ে বিসিবির মুখপাত্র বলেন, ‘আমরা বাংলাদেশে হতে যাওয়া এশিয়া কাপকে কেন্দ্র করে পাকিস্তান-শ্রীলঙ্কাকে একটি ত্রিদেশীয় সিরিজ খেলার প্রস্তাব দিয়েছি এবং উভয় দেশ তাতে ইতিবাচক সাড়া দিয়েছে।’

তিনি আরও জানান, প্রস্তাবটি এখনো দুই বোর্ডের বিবেচনাধীন। তাদের চূড়ান্ত সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত সিরিজের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া সম্ভব হচ্ছে না। অংশগ্রহণের বিষয়ে পাকিস্তান ও শ্রীলঙ্কা পরবর্তী সময়ে বিসিবিকে নিজেদের সিদ্ধান্ত জানাবে।

উল্লেখ্য, আগামী বছরের ১৮ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা এশিয়া কাপ। এর আগে সর্বশেষ ২০১৬ সালে এই মহাদেশীয় টুর্নামেন্ট আয়োজন করেছিল বাংলাদেশ। টি-টোয়েন্টি সংস্করণের সেই আসরে ফাইনালে উঠলেও রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল টাইগারদের।

২০২৭ সালের এশিয়া কাপ হতে যাচ্ছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবির অধীনে আয়োজিত প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট। তাই মূল আসরের আগে পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো শক্তিশালী দলের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে পারলে বাংলাদেশের প্রস্তুতিতে যোগ হতে পারে বাড়তি মাত্রা।