News update
  • Climate talks start in Antalya, after wrangle over agenda items     |     
  • 8 Die of Dengue as 1,595 More Are Hospitalised     |     
  • Hasina to Face Execution Process if She Returns: Prosecutor     |     
  • US to become 1st nation to fully shun a UNHR Council review     |     
  • Govt Sees No Legal Hurdle to Hasina’s Return: Adviser     |     

ইতিহাস গড়া জয়ে সেমিফাইনালে বাংলাদেশ

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2026-11-10, 7:36am

baanlaadesh-1-81f3e4cdf30ec45abd88f3e33e34e02a1794274616.jpg




আহসান আল মুমিনের রেকর্ড গড়া অনবদ্য ইনিংস আর বোলিংয়ে তাফিউল আলম তামিমের বিধ্বংসী নৈপুণ্যে মালয়েশিয়াকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। যুব এশিয়া কাপে নিজেদের শেষ ম্যাচে ২০৫ রানে বড় জয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

আজ সোমবার (৯ নভেম্বর) ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৮ রান করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। রান তাড়ায় নেমে ৩০.৫ ওভারে ৯৮ রানেই গুটিয়ে যায় মালয়েশিয়া অনূর্ধ্ব-১৯ দল।

গ্রুপ পর্বে তিন ম্যাচের দুটিতে জিতে রানার্স-আপ হিসেবেই শেষ চারে পা রাখল যুব টাইগাররা। ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হতে যাচ্ছে শক্তিশালী ভারত কিংবা পাকিস্তান।

যুব ওয়ানডের ইতিহাসে রানের ব্যবধানে এটিই বাংলাদেশের সবচেয়ে বড় জয়। এর আগে ২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৯৯ রানের ব্যবধানে জয়ই ছিল সেরা। এছাড়া যুব এশিয়া কাপের ইতিহাসে এর চেয়ে বড় জয় রয়েছে কেবল একটি। গত বছর সংযুক্ত আরব আমিরাতকে ২৩৪ রানে হারিয়েছিল ভারত।

৩০৪ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই টাইগার বোলারদের তোপের মুখে পড়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে মালয়েশিয়া। পাওয়ার প্লের মধ্যেই তাদের ৫ উইকেট তুলে নিয়ে জয়ের ভিত গড়ে ফেলে বাংলাদেশ।

মালয়েশিয়ার ব্যাটিং লাইনে একাই ধস নামান তাফিউল আলম তামিম। স্রেফ ১৮ রান খরচ করে তিনি শিকার করেন ৭টি উইকেট! যুব ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের কোনো বোলারের এটিই সেরা বোলিং ফিগার। এর আগে ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৯ রানে ৬ উইকেট নিয়ে সেরা ছিলেন সঞ্জিত সাহা।

এছাড়া যুব এশিয়া কাপের সামগ্রিক ইতিহাসেও তামিমের চেয়ে ভালো বোলিং ফিগার আছে কেবল একজনের—২০০৩ সালের টুর্নামেন্টে বাংলাদেশের বিপক্ষে ১৬ রানে ৯ উইকেট নেওয়া ভারতের ইরফান পাঠান। মালয়েশিয়ার ইনিংসে তামিম ছাড়া রুবাই ইসলাম রিজন নিয়েছেন ২টি উইকেট।

মালয়েশিয়ার ব্যাটারদের মধ্যে কেবল পাঁচ নম্বরে নামা নাগিনেশ্বরন সাথনাকুমারান কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করে ৮১ বলে ৫০ রান করেন। বাকিদের আসা-যাওয়ার মিছিলে মাত্র ৯৮ রানেই গুটিয়ে যায় তারা।

এর আগে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে দলের বাকি ব্যাটাররা ক্রিজে থিতু হতে না পারলেও উইকেটের এক প্রান্ত আগলে রেখে দুর্দান্ত রেকর্ড গড়েন চার নম্বরে নামা সহ-অধিনায়ক আহসান আল মুমিন। শেষ পর্যন্ত অপরাজিত থেকে তিনি করেন ১৫২ রান! ১৩৩ বলের এই ইনিংসে ছিল ১০টি চার ও ৬টি ছক্কার মার।

যুব ওয়ানডেতে বাংলাদেশের হয়ে এটিই এখন ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। এর আগে ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পিনাক ঘোষের করা ১৫০ রান নেমে গেছে দুই নম্বরে।

ম্যাচের শুরুতে দ্রুত উইকেট হারিয়ে বাংলাদেশ যখন ১৪৪ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছিল, তখন দলের হাল ধরেন মুমিন। সপ্তম উইকেটে রবিউল হাসান অনিকের সঙ্গে ৭৯ রানের দুর্দান্ত এক জুটি গড়েন তিনি। অনিক করেন ৪৮ বলে ৪৫ রান।

এরপর লোয়ার অর্ডারেও মুমিনের দৃঢ়তা অব্যাহত থাকে। আলআমিন হোসেনের সঙ্গে নবম উইকেটে আরও একটি জুটি গড়েন তিনি। ৭৯ রানের এই জুটিতে একাই ৬৮ রান করেন মুমিন।

দারুণ ছন্দে থাকা এই ব্যাটার আউলগা গুনাওয়ানের বল ছক্কায় উড়িয়ে ১০২ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন। এরপর ইনিংসের শেষ ওভারের পঞ্চম বলে ৩ রান নিয়ে পিনাকের রেকর্ড টপকে ব্যক্তিগত দেড়শ রানের মাইলফলক স্পর্শ করার পাশাপাশি দলের সংগ্রহও তিনশ পার করিয়ে দেন মুমিন। শেষ পর্যন্ত তার এই ঐতিহাসিক ইনিংসের সুবাদেই ৩০৪ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।