News update
  • PM Tarique Makes Surprise Visit to SPARRSO     |     
  • Argentina Beat Jordan 3-1 to Top Group J     |     
  • 12 Chinese companies interested to invest over $9bn in Bangladesh     |     
  • BNP govt solved Rohingya crisis twice before, will do so again: FM     |     
  • Venezuela earthquakes kill 920, tens of thousands missing     |     

পাকিস্তানের বিপক্ষে টেস্ট দলে প্রথমবার তানজিদ তামিম, চমক আছে আরও

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2026-04-27, 12:58am

36bda97b53484b670707b1254da125932866371c6ca12f5d-c1318c69e374c60dad8ce50f29a18dfe1777229930.jpg




সাদা বলে ধারাবাহিক ভালো পারফরম্যান্সের পুরস্কার পেলেন তানজিদ হাসান তামিম। টি-টোয়েন্টি ও ওয়ানডে দলে ওপেনারের জায়গা পাকাপাকি করে ফেলা এই বাঁহাতি প্রথমবারের মতো ডাক পেলেন টেস্ট দলে। ঘরোয়া ক্রিকেটে লাল বলে রানের ফুলঝুরি ছোটানো অমিত হাসানেরও কপাল খুলল। পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের দলে দুজনই ডাক পেলেন।

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি )। ১৫ সদস্যের দলে প্রথমবার ডাক পেয়েছেন তানজিদ হাসান তামিম এবং অমিত হাসান। দেড় বছর পর সাদা জার্সির দলে ফিরেছেন তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম।

চলমান বিসিএলের প্রথম রাউন্ডে ব্যাট হাতে আলো কেড়েছেন অমিত হাসান। সর্বশেষ ম্যাচে করেছেন ১৬২ রান। এই ফরম্যাটে ধারাবাহিকতাও দেখিয়েছেন তিনি। আর তাতে নির্বাচকদের নজরে এসেছেন অমিত। প্রথমবারের মতো কোনো ফরম্যাটে জাতীয় দলের হয়ে ডাক পেলেন।

তানজিদ তামিম ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরম্যাটে নিজেকে নিয়মিত প্রমাণ করে এলেও লাল বলে এখনও জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে পারেননি। অবশেষে তাকে দলে আনলেন নির্বাচকরা।

এদিকে, ২০২৪ সালের নভেম্বর-ডিসেম্বরের পর টেস্ট দলে জায়গা মেলেনি শরিফুল এবং তাসকিনের। অভিজ্ঞ দুই পেসারকে ফেরানো হলো এবার। এক বছর পর দলে ফিরেছন অফ স্পিনার নাঈম হাসান।

 নতুনদের অন্তর্ভুক্তি নিয়ে নির্বাচক প্যানেলের চেয়ারম্যান হাবিবুল বাশার সুমন বলেন, 'তানজিদ আমাদের টেস্ট ভাবনায় ছিল। প্রথম শ্রেণির ক্রিকেটে তার খুব ভালো রেকর্ড রয়েছে এবং আমরা মনে করেছি টেস্টে নিজের সামর্থ্য দেখানোর সুযোগ তার প্রাপ্য। তার টেকনিক বেশ ভালো এবং প্রচুর সহজাত প্রতিভা রয়েছে। আমরা আত্মবিশ্বাসী যে সে যদি সুযোগ পায়, তবে লম্বা ফরম্যাটেও ভালো পারফর্ম করতে পারবে।'

অমিতকে নিয়ে বলেন, 'অমিত তার ডাক পাওয়ার যোগ্যতা অর্জন করেছে কারণ সে আমাদের প্রথম শ্রেণির ক্রিকেটে অন্যতম ধারাবাহিক ব্যাটার। তার টেম্পারামেন্ট বা মেজাজ বেশ আলাদা এবং আমরা বিশ্বাস করি এটি টেস্ট ক্রিকেটের জন্য মানানসই। এই ফরম্যাটে ধৈর্য ও শৃঙ্খলার প্রয়োজন, এবং সে দীর্ঘ সময় ধরে এই গুণগুলো প্রদর্শন করে আসছে। এই দুই খেলোয়াড়ের সামনে যথেষ্ট সময় রয়েছে এবং তারা দীর্ঘ সময় ধরে বাংলাদেশকে সেবা দিতে পারবে।'

টেস্ট দলের নেতৃত্বে যথারীতি থাকছেন নাজমুল হোসেন শান্ত এবং সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন মেহেদী হাসান মিরাজ। ২০২৫-২০২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে এই সিরিজটি অনুষ্ঠিত হবে।

আগামী ৮ মে ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টের মধ্য দিয়ে মাঠের লড়াই শুরু হবে। এরপর ১৬ মে থেকে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে সিলেটে। সিরিজ খেলতে আগামী ৩ মে ঢাকায় পৌঁছাবে পাকিস্তান ক্রিকেট দল।

বাংলাদেশের প্রথম টেস্টের স্কোয়াড:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান তামিম ও অমিত হাসান।