News update
  • First cruise ship crosses Strait of Hormuz since war began     |     
  • MDBs stress co-op support global stability amid uncertainty     |     
  • PM opens first Hajj flight, visits Ashkona camp     |     
  • River ports asked to hoist cautionary signal No 1     |     
  • Oil prices drop 9% & Wall Street rallies to a record after Iran reopens Hormuz     |     

বিসিবির কাছে সম্মান পেয়েছেন, ডিপিএল দিয়ে মাঠে ফিরবেন বিজয়

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2026-04-19, 7:14am

rtyery5464536-e1d57cb194a994f0d9dcd95c4554fe151776561292.jpg




ঢাকা প্রিমিয়ার লিগ দিয়ে আবারও মাঠে ফিরছেন এনামুল হক বিজয়। আজ (১৮ এপ্রিল) দলবদলের প্রথম দিনে মোহামেডান স্পোর্টিং ক্লাবে যোগ দিয়ে জানান, বর্তমান বিসিবির কাছে প্রাপ্য সম্মান পাচ্ছেন তিনি।

ফিক্সিং ইস্যুতে নাম জড়ানোয় সর্বশেষ বিপিএল থেকে বাদ পড়েছিলেন এনামুল হক বিজয়। দেশের ক্রিকেটের সবচেয়ে বড় ঘরোয়া আসরে খেলতে না পেরে রাগ-ক্ষোভে জানিয়েছিলেন, সম্মান ফিরে না পেলে আর ফিরবেন না ক্রিকেটে। তবে সেই অভিমান শেষ হয়েছে বিজয়ের। ডিপিএল দিয়েই ফিরছেন ক্রিকেটে। 

গত মাসে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে একটি সংবাদ সম্মেলন করেন বিজয়। সেখানে তিনি জানান, ফিক্সিংয়ের মতো একটি ইস্যুতে প্রমাণ ছাড়াই নাম জড়ানোয় সামাজিকভাবে হেয় হতে হচ্ছে তাকে। এই পরিস্থিতিতে বিসিবির পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণ উপস্থাপন অথবা তাকে সসম্মানে ফেরত আনানোর কথা জানান তিনি। অন্যথায় ক্রিকেট ছেড়ে দেয়ার হুমকিও দেন বিজয়।  

বিসিবির নতুন কার্যনির্বাহী পরিষদ এবং বিসিবি সভাপতি তামিম ইকবাল সেটা করেছেন বলে জানিয়েছেন বিজয়। তিনি বলেন, ‘আমি চেয়েছি বিসিবি যেন এই জিনিসটাকে সুন্দরভাবে সবার কাছে উপস্থাপন করে এবং এটা এখনো চাই, এটা আলাদা কিছু না। এবং আমার ব্যক্তিগতভাবে সভাপতির সাথে কথা হয়েছে এবং বিসিবির সাথে কথা হয়েছে তারা আমাকে যথেষ্ট গুরুত্ব দিয়েছে এবং সম্মানের সাথে কথা বলেছে এবং আশা করি এই জিনিসটা চলমান থাকবে।’ 

‘আমি যে কিছু করিনি সেই জিনিসটা স্বীকার করা বা সেটা সামাজিক মাধ্যমে তুলে ধরা এবং আমাকে জিনিসটাকে বলা যে ব্যাপারটাকে এভাবে না এভাবে বর্ণনা করা হয়েছে। দেখেন সংবাদমাধ্যমেও কিন্তু একেকজন একেকভাবে এটাকে বর্ণনা করেছে এবং বিপিএলের শুরু থেকে এখন পর্যন্ত বিভিন্ন মানুষ বিভিন্নভাবে উপস্থাপন করছে আমাকে।’  

দীর্ঘদিন মাঠের বাইরে থেকে সরাসরি ডিপিএলে ফিরছেন বিজয়। এই লিগের ইতিহাসে অন্যতম সেরা খেলোয়াড় হওয়ায় তার কাছে প্রত্যাশাটাও অনেক বেশি। সেই প্রত্যাশা পূরণে কতটা প্রস্তুত, এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আসলে একদম ১০০ ভাগ তৈরি বলবো না যেটা খুবই সত্য। কিন্তু আমার হাতে প্রায় ১৫ দিন সময় আছে এবং মানসিক প্রস্তুতি নিয়েছি সাথে অনুশীলনও করছিলাম গত কিছুদিন ধরে। তাই আশা করি প্রিমিয়ার লিগের আগেই খুব ভালোমতো ১০০ ভাগ তৈরি হয়ে যাবে।’ 

আবাহনী থেকে মোহামেডানে নাম লিখিয়েছেন বিজয়। দুই ঐতিহ্যবাহী ক্লাবের হয়েই খেলার ব্যাপারে তার মন্তব্য, ‘আমরা ছোটোবেলা থেকে বড় হয়েছি আবাহনী-মোহামেডানকে চিন্তা করে। সেই হিসাব করতে গেলে তো অবশ্যই এটা একটা বড় দল। আমি দীর্ঘদিন আবাহনীতে খেলেছি, আমি প্রাইম ব্যাংকার হয়ে খেলেছি। তো এবার একটা সুযোগ এসেছে এরকম একটা বড় দলে খেলার এবং বিজয়ী দলে খেলতে পারলে মানসিকতা সবদিক থেকে বিজয়ীদের মতোই থাকে।’