
নতুন জাতীয় বেতনকাঠামো কার্যকর করা হলেও পরবর্তী আদেশ জারি না হওয়া পর্যন্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আগের হারেই ভাতা পেতে থাকবেন। অর্থাৎ, চলতি বছরের ৩০ জুন তারা যে হারে ভাতা পেতেন, নতুন ভাতা নির্ধারণের নির্দেশ না আসা পর্যন্ত সেই হারই বহাল থাকবে।
সোমবার (১৯ অক্টোবর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।
অর্থ বিভাগের এই নির্দেশনা সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা, রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সব কর্মচারীদের জন্য প্রযোজ্য হবে। প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৬ সালের নতুন বেতন ও ভাতাদি আদেশে চূড়ান্ত ভাতা নির্ধারিত না হওয়া পর্যন্ত প্রচলিত মূল বেতনের শতকরা হারে ভাতা দেওয়া হবে।
এদিকে, চলতি অক্টোবর মাস থেকেই নতুন বেতনকাঠামো অনুযায়ী বর্ধিত মূল বেতন পেতে শুরু করবেন সরকারি চাকরিজীবীরা। নতুন স্কেল অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ নির্ধারিত বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
নতুন পে স্কেল গত ১ জুলাই থেকে কার্যকর ধরা হলেও এটি দুই অর্থবছরে (২০২৬–২৭ ও ২০২৭–২৮) মোট তিনটি ধাপে বাস্তবায়ন করছে সরকার।
নতুন হারে নির্ধারিত ভাতা চূড়ান্তভাবে কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।
বর্তমানে নতুন বেতনকাঠামো অনুযায়ী সরকারি কর্মচারীদের অনলাইনে বেতন নির্ধারণ বা ‘পে ফিক্সেশন’ সংক্রান্ত কার্যক্রম চলছে, যা আগামীকাল মঙ্গলবার শেষ হওয়ার কথা রয়েছে।