News update
  • Jamaat Expels Satkhira MP Gazi Nazrul Over Viral Video     |     
  • ECNEC approves 8 projects worth Tk 14,041.21 crore     |     
  • Bangladesh Calls For Inclusive Global Cyber Governance     |     
  • ECOSOC Backs Bangladesh’s LDC Graduation Extension Bid     |     
  • Teesta Nears Danger Mark, Flood Fears Grow in Lalmonirhat     |     

নেত্রকোনায় উদ্বোধন হয়েছে ২৪ ঘণ্টার লোকজ উৎসব ‘খনার মেলা’

উৎসব 2026-04-13, 5:04pm

img-20260413-wa0130-b7d8b7454953ca8ad879d0b799dd700b1776078289.jpg

Khonar Mela, an indigenous fair has been opened in Netrokona.



​‘খনা আছে জনে জনে, খনা আছে সব জীবনে’—এই চিরকালীন সত্য ও প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার আংগারুয়া গ্রামের ‘মঙ্গলঘর পরিসর’-এ আজ ১৩ এপ্রিল ২০২৬, সোমবার ভোরের প্রথম আলো ফোটার সাথে সাথেই অত্যন্ত উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে “তৃতীয় খনার মেলা”। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ সহযোগিতায় আয়োজিত এই অনন্য লোকজ উৎসবটি চৈত্র সংক্রান্তির সূর্যোদয় থেকে শুরু হয়েছে এবং পহেলা বৈশাখের প্রথম প্রহর পর্যন্ত টানা ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে চলবে। ভোরের স্নিগ্ধতায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয় বিশেষ স্মারক ম্যাগাজিন ‘ভোরের হাওয়া’-র উন্মোচন ও একটি বর্ণিল উদ্বোধনী সংগীতের মাধ্যমে। খনার বচন এবং বরেণ্য শিল্পী কফিল আহমেদ-এর কথা ও সুরে মঙ্গলঘর পরিসরের শিল্পীদের সমবেত কণ্ঠে পরিবেশিত এই সংগীত মেলা প্রাঙ্গণে এক অভূতপূর্ব আবহের সৃষ্টি করে।

​উৎসবের প্রথম ভাগে একটি বিশেষ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বিশিষ্ট লেখক নজর আহমেদ-এর "লোকের কথা মুখের কথা" শীর্ষক বইটির মোড়ক উন্মোচন করেন কলকাতা থেকে আগত বিখ্যাত কণ্ঠশিল্পী ও আন্তর্জাতিক গবেষক মৌসুমী ভৌমিক, জনপ্রিয় কণ্ঠশিল্পী কৃষ্ণকলি এবং বিশিষ্ট সংগঠক ও সাংস্কৃতিক কর্মী কুল এক্সপোজার-এর প্রধান নির্বাহী এরশাদুল হক টিংকু। মেলার মধ্যভাগে শিশুদের জন্য আয়োজন করা হয় এক বর্ণিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা। প্রতিযোগিতায় খুদে শিল্পীদের আঁকা নির্বাচিত ছবিগুলো মেলা প্রাঙ্গণে প্রদর্শন করা হয়, যা উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়ায়।

​দিনরাতব্যাপী এই মেলায় অংশ নিচ্ছেন দেশখ্যাত একঝাঁক প্রতিভাবান শিল্পী ও সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন। অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে রয়েছে সমগীত, কৃষ্ণকলি ও গানের দল, সহজিয়া, চিৎকার, বটতলা, সহযোগ ও আপ্রাণ। এছাড়াও একক পরিবেশনায় অংশ নিচ্ছেন শিল্পী কফিল আহমেদ, মিয়া হোসেন বাউল, বাউল শাজাহান মুন্সি, শেফালী বাউল, ফকির সাহেব, দুদু-কাঞ্চন বাহারি, দুলাল চিশতি, গুরু প্রিয় (পার্বতী বাউলের শিষ্য), নূপুর সুলতানা, কুয়াশা মূর্খ, আরিফুল উদয় ও ফয়সল কবির প্রমুখ। লোকগান, পালাগান, বাউলগান ও পুথিপাঠের পাশাপাশি উৎসবে রয়েছে কবিতাসভা, আলাপ-আলোচনা এবং শিশুদের গান ও ছড়া বলার বিশেষ আয়োজন।

এই শৈল্পিক মহোৎসবের সার্বিক ব্যবস্থাপনায় ও সহযোগিতায় কাজ করছে পিআর ও মার্কেটিং এজেন্সি কুল এক্সপোজার। আয়োজনের প্রচার ও প্রসারে মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত রয়েছে চ্যানেল আই ও নিউজ পোর্টাল নিউজট্রেইল (newstrail)। এছাড়া ট্রান্সপোর্ট পার্টনার হিসেবে এসআর পরিবহন (এসআর গ্রুপ) এবং মেডিকেল পার্টনার হিসেবে ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতাল উৎসবের শুরু থেকেই সেবা প্রদান করে যাচ্ছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত উৎসবের আমেজ মেলা প্রাঙ্গণে তুঙ্গে রয়েছে এবং বৈচিত্র্যময় সব অনুষ্ঠানমালা সফলভাবে চলমান। বাংলার প্রাচীন ঐতিহ্য ও খনার বচনের মাধ্যমে জনসচেতনতা ছড়িয়ে দেওয়ার এই শৈল্পিক প্রয়াসটি কাল ১৪ এপ্রিল পহেলা বৈশাখের প্রথম সূর্যোদয়ের সাথে সাথে সম্পন্ন হবে। - প্রেস বিজ্ঞপ্তি