News update
  • Brahmaputra erosion leaves 30 families homeless in Kurigram char     |     
  • Held 30 years after murder: Prime accused in Netrokona jail     |     
  • Govt approves draft of Gambling Prevention Act, 2026     |     
  • Bonn signals climate agenda shifting from talk to delivery     |     
  • Time to accept Messi as greatest of all time: Brazil’s Ronaldo     |     

প্রথম জয়েই এশিয়ান গেমস খেলার হাতছানি বাংলাদেশের

গ্রীণওয়াচ ডেস্ক অন্যান্যক্রীড়া 2026-04-25, 6:44am

naarii_hki_dl-7dfdfef962c7e8450d67cf01214574381777077870.jpg




বাংলাদেশ পুরুষ হকি দল নিয়মিতই এশিয়ান গেমস খেলে। ইতিহাস-ঐতিহ্যও বেশ ভালো। কিন্তু ঠিক উল্টো চিত্র ছিল নারী হকিতে। এতদিন বাংলাদেশে সিনিয়র নারী হকি দলই ছিল না। সেই আক্ষেপ ঘুচিয়ে প্রথমবারের মতো গঠিত জাতীয় নারী হকি দল বিদেশের মাটিতে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিল।

ইন্দোনেশিয়ায় চলমান এশিয়ান গেমস হকির বাছাই পর্বে উজবেকিস্তানকে হারিয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশ নারী হকি দল।

অভিষেক ম্যাচে চাইনিজ তাইপের বিপক্ষে ড্র করার পর আজ দ্বিতীয় ম্যাচেই জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই জয়ের ফলে জাপানে হতে যাওয়া এশিয়ান গেমসের মূল পর্বে খেলার স্বপ্ন এখন অনেক উজ্জ্বল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল বাংলাদেশ। খেলার ১১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে লিড এনে দেন শারিকা রিমন। তবে পরের মিনিটেই পেনাল্টি কর্নার থেকে সমতা ফেরায় উজবেকিস্তান। ২৪ মিনিটে কনা আক্তারের চমৎকার গোলে বাংলাদেশ ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায়।

বিরতির পর রিয়া আক্তার পেনাল্টি কর্নার থেকে গোল করলে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৩-১। চতুর্থ কোয়ার্টারের শুরুতে উজবেকিস্তান আরেকটি গোল শোধ করে ম্যাচে ফেরার চেষ্টা করলেও বাংলাদেশের মেয়েরা রক্ষণভাগ আগলে রাখেন। শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

ম্যাচে দুর্দান্ত গোল করে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন আইরিন আক্তার রিয়া। গতকাল অভিষেক ম্যাচেও বাংলাদেশের হয়ে প্রথম আন্তর্জাতিক গোলটি করেছিলেন তিনিই। ম্যাচ শেষে উচ্ছ্বসিত রিয়া বলেন, ‘ম্যাচসেরা হতে পেরে আমি অনেক খুশি। আমাদের দলের সবাই আমাকে সহায়তা করেছে, যার কারণেই এই জয় ও অর্জন সম্ভব হয়েছে।’

গ্রুপ ‘এ’-তে দুই ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। এই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দল সরাসরি সেমিফাইনালে খেলবে। আর সেমিফাইনালে ওঠা চারটি দলই জাপানে অনুষ্ঠেয় এশিয়ান গেমসে খেলার টিকিট পাবে। 

রোববার গ্রুপের শেষ ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচে ১ পয়েন্ট পেলেই সেমিফাইনাল এবং এশিয়ান গেমস নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের নারীদের।